২০১০ সালে সুইস ব্যাংকে ভারতীয় লোকজনের অর্থের পরিমাণ ছিল নয় হাজার ৩০০ কোটি রুপি। এর চার বছর আগে এই অর্থের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি রুপি।গত সোমবার ভারতের লোকসভায় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির প্রকাশ করা কালোটাকার শ্বেতপত্রে এই তথ্য তুলে ধরা হয়েছে। তবে শ্বেতপত্রে কালোটাকার মালিকদের নাম উল্লেখ করা হয়নি। বিদেশি ব্যাংকে ভারতীয় লোকজনের কী পরিমাণ কালোটাকা রয়েছে তাও উল্লেখ করা হয়নি শ্বেতপত্রে।ভারতের অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারের মূল লক্ষ্য বিদেশে পাচার হওয়া কালোটাকা দেশে ফিরিয়ে আনা ও কর আদায় করা। আর দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কালোটাকার মালিক হিসেবে কারও নাম প্রকাশ করা সম্ভব নয়। শ্বেতপত্রে বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে বিতর্কিত এককালীন কর রেয়াতসুবিধা দিতে সরকারের বিবেচনার কথা উল্লেখ করা হয়েছে। দেশের কালোটাকা উদ্ধারে গোল্ড ডিপোজিট স্কিমের ক্ষেত্রেও একই বিবেচনার কথা বলা হয়েছে। শ্বেতপত্রে কালোটাকা উদ্ধারে স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠন, প্রাকৃতিক সম্পদের জন্য ন্যায়পাল প্রতিষ্ঠা এবং লোকপাল ও লোকযুক্ত নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, ‘যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয়ভাবে লোকপাল ও প্রতিটি রাজ্যে লোকযুক্ত নিয়োগ দিতে হবে। তারা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনবে।’এই শ্বেতপত্রের কঠোর সমালোচনা করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির প্রশ্ন, যদি সুইস ব্যাংকে ভারতীয় লোকজনের অর্থের পরিমাণ কমেই থাকে, তাহলে সেই অর্থ গেল কোথায়? সেই অর্থ কি ভারতে এসেছে নাকি কর ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে এমন জায়গা যেমন: মরিশাস, কেম্যান আইল্যান্ডস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস বা লুক্সেমবার্গে পাঠিয়ে দেওয়া হয়েছে? বিজেপির নেতা যশোবন্ত সিং শ্বেতপত্রে কালোটাকার মালিকদের নাম প্রকাশ না করার সমালোচনা করে বলেন, এতে সুনির্দিষ্ট কোনো তথ্যই দেওয়া হয়নি। প্রয়োজনীয় বিষয়গুলো আড়াল করে রাখা হয়েছে। আরেক নেতা লালকৃষ্ণ আদভানি শ্বেতপত্রকে ‘হতাশাজনক’ বলে আখ্যা দেন। টিএনএন।