বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নতুন টাস্কফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত সময়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনতে আবারও সক্রিয় হয়েছে সরকার। এ জন্য আগের আন্তসংস্থা টাস্কফোর্স বাতিল করে নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স বিদেশে পাচার হওয়া অর্থসম্পদ উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা, তদারকি ও সমন্বয় করবে। গত ২০ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন টাস্কফোর্স গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নয় সদস্যের নতুন এই টাস্কফোর্সের আহ্বায়ক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তবে অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হয়নি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পাঠানো প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনতিবিলম্বে তাদের প্রতিনিধি মনোনয়নের অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই টাস্কফোর্সের সাচিবিক দায়িত্ব পালন করবে। নতুন এই টাস্কফোর্সের অন্য সদস্যরা হবেন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, দুর্নীতি দমন কমিশনের একজন সদস্য, ব্যাংক ও আর্থিক বিভাগের যুগ্ম সচিব (প্রবিধি ও নীতি), প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মর্যাদার প্রতিনিধি, অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশের প্রতিনিধি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক মর্যাদার প্রতিনিধি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন সদস্য ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি। টাস্কফোর্সের দুটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এর একটি হলো, বিদেশে পাচারকৃত সম্পদ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ। অন্যটি হলো, পাচারকৃত অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করা ও তথ্য আহরণ। এর পাশাপাশি পাচারকৃত সম্পদ দেশে এনে অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্বও দেওয়া হয়েছে টাস্কফোর্সকে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি আরেকটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্কফোর্সের আহ্বায়ক ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন করা হয়েছে।