বিদেশে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ফিরিয়ে আনা হবে: শেখ হাসিনা
অনলাইন ডেস্কপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব সন্ত্রাসী প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছে, তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি সাজাপ্রাপ্ত নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছে। তাকে এবং বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর অন্য খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথাবার্তা চলছে। সাংসদ সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। জঙ্গিবাদ নির্মূলের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের কারণে গত দুই বছরে দেশের অভ্যন্তরে কোনো বড় ধরনের জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম ঘটতে হতে পারেনি। ফলে বিভিন্ন উত্সব যেমন- ঈদ, পূজা, বড়দিন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হয়েছে।উল্লেখ্য, ২০০৯ সালের নভেম্বরে ঢাকায় জাতিসংঘের ডিপার্টমেন্ট অব এন্টি টেরোরিজমের উদ্যোগে সন্ত্রাসবিরোধী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের নেওয়া ১৪টি পদক্ষেপ তুলে ধরেন। —বাসস।