বিদেশে বন্ধ মিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশে বন্ধ করে দেওয়া মিশনগুলো আবার চালু এবং নতুন করে মিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের শেষদিকে গ্রিসে বাংলাদেশ দূতাবাস চালু করা হয়েছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সভায় কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের কাজের গতি বৃদ্ধি করার সুপারিশের পাশাপাশি কমিটির কাজের গতিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের কার্যক্রম নেওয়া হয়েছে। পাশপাশি মিশনগুলোর কাজ তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের পদ সৃষ্টি ও একটি স্থায়ী মেরিটাইম সেল গঠনের পদক্ষেপও নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে কমিটিকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিশনগুলো আবার চালুরও উদ্যোগ নিচ্ছে।আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিও মন্ত্রণালয়ের পাশাপশি কাজের গতি বাড়াবে। এখন থেকে প্রতি মাসে কমপক্ষে একটি করে সভা করা হবে। গত এক বছর তিন মাসে এ পর্যন্ত মাত্র আটটি বৈঠক হয়েছে বলে তিনি জানান।আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ ও নাজমা আকতার। এ সময় পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় রাজউকের প্লটের জন্য আবেদনকারী প্রবাসীদের মধ্যে যারা প্লট পাননি, তাঁদের টাকা বিদেশে বসেই পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। সভায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে-বিদেশে বিদেশি ভাষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, বিদেশে বাংলাদেশ মিশনগুলো কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বৈদেশিক ও আপ্যায়ন ভাতা শ্রীলঙ্কার সমপর্যায়ে উন্নীতকরণের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে।