বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিতে সর্বাত্মক চেষ্টা চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্যের মতো গুণগত মানসম্পন্ন বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা আফ্রিকার দেশগুলোতে এসব পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ নিতে পারেন।’নাইজেরিয়ায় কর্মরত চিকিত্সক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা গতকাল বৃহস্পতিবার রাতে আবুজায় প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সদ্যসমাপ্ত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আবুজায় অবস্থানরত প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভিসা পাওয়ার বিভিন্ন জটিলতা দূর এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে পশ্চিম আফ্রিকার দেশটিতে বাংলাদেশের মিশন খোলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।এই প্রেক্ষাপটে শেখ হাসিনা বলেন, তিনি উন্নয়নশীল আটটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে ব্যবসায়ী কমিউনিটির ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ডি-৮ দেশগুলোর প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার আফ্রিকার বিভিন্ন দেশে, বিশেষ করে নাইজেরিয়ায় কৃষি খাতে বাংলাদেশি জনশক্তি রপ্তানি করার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া ডি-৮ সদস্যভুক্ত দুটি দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার মাধ্যমে নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হব।’২০২১ সাল নাগাদ ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে তাঁর সরকারের ভিশন-২০২১ সম্পর্কে শেখ হাসিনা বলেন, সরকার এ লক্ষ্যে একটি ইন্টারনেট প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এতে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ও তাঁদের শিশুরা সঠিকভাবে বাংলা শেখার সুযোগ পাবে।প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখার মাধ্যমে বিদেশে মাতৃভূমির ভাবমূর্তি উজ্জ্বল করতে দূত হিসেবে ভূমিকা পালন করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।সাক্ষাত্কালে প্রবাসী বাংলাদেশিরা আশা প্রকাশ করেন যে, নাইজেরিয়ায় বাংলাদেশের মিশন চালু করা হলে আফ্রিকার দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিশাল সুযোগ সৃষ্টি হবে।দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী: সপ্তম ডি-৮ সম্মেলন শেষে আজ দেশের উদ্দেশে নাইজেরিয়া ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদে যাত্রাবিরতি করবেন তিনি। আজ স্থানীয় সময় দুপুর পৌনে একটায় রাজধানী আবুজার নামদি আজিকুই আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান নাইজেরিয়ার পরিবহনমন্ত্রী ইউসুফ সোলাইমান। কাল শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।