বিদেশে রপ্তানির সময় চট্টগ্রামে ৪০ টন চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে রপ্তানির সময় চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি ডিপো থেকে ৪০ টন চাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার শুল্ক গোয়েন্দা বিভাগ এবং চট্টগ্রামের কাস্টমস হাউজের রপ্তানি গোয়েন্দা বিভাগ যৌথ অভিযানের মাধ্যমে এ চাল জব্দ করে।কাস্টমস হাউসের রপ্তানি বিভাগ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোল্ডেন কনটেইনার লিমিটেড নামে একটি বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানি গোয়েন্দা বিভাগ ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযান চালায়। এ সময় তাঁরা দুটি কনটেইনারে ২০ টন মিনিকেট ও ২০ টন চিনিগুঁড়া চাল জব্দ করেন। তবে তাঁরা কোন প্রতিষ্ঠান এই চাল রপ্তানি করছে তা শনাক্ত করতে পারেননি। ডিপো কর্তৃপক্ষ কাগজপত্র ছাড়াই এসব চাল কন্টেইনারে বোঝাই করায় রপ্তানিকারীর পরিচয় জানা যায়নি। তবে প্যাকেটের গায়ের তথ্য থেকে জানা যায়, এশিয়া ফুড নামে একটি প্রতিষ্ঠানের কাছে এ চাল রপ্তানি করা হচ্ছিল।প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ। ২০০৯ সালের ২৪ মে জারি করা ওই আদেশে বলা হয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করা হলো।