বিদেশে শ্রমিকদের অধিকার সংরক্ষিত হবে: খন্দকার মোশাররফ
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, এখন থেকে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও কর্মীদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমবে। অভিবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে জাতিসংঘে গৃহীত সনদে অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে তিনি আজ সোমবার এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় ‘অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে ১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত কনভেনশন’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়। এরপর বিকেলে সচিবালয়ে নিজের কক্ষে প্রবাসীকল্যাণমন্ত্রী এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ এ কনভেনশনে স্বাক্ষর করলে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত কর্মীরা প্রতারণার স্বীকার বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে আইনি প্রতিকার পাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। মন্ত্রী বলেন, শ্রমিক প্রেরণকারী অন্য দেশগুলোর মতো বাংলাদেশও শিগগিরই এ কনভেনশনে অনুস্বাক্ষর করবে।১৯৯৮ সালে বাংলাদেশ এ কনভেনশনে স্বাক্ষর করেছিল। তবে দীর্ঘ ১৩ বছরে কনভেনশনটিকে অনুস্বাক্ষরে অন্য সরকারগুলো কোনো উদ্যোগ নেয়নি।প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, শ্রমিক গ্রহণকারী কোনো দেশ এ কনভেনশনে এখনো স্বাক্ষর করেনি। কেবল শ্রমিক প্রেরণকারী দেশগুলোই এতে স্বাক্ষর করছে। শ্রমিক প্রেরণকারী দেশগুলোর স্বাক্ষর সম্পন্ন হলে গ্রহণকারী দেশগুলোকেও স্বাক্ষরের জন্য চাপ দেওয়া হবে। তবে স্বাক্ষর না করলেও জাতিসংঘের এ সনদ মেনে চলার ব্যাপারে দেশগুলো মানসিক চাপে থাকবে। এ বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে আনতে আসন্ন কলম্বো প্রসেস সম্মেলনে উপস্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।