বিদেশে ‘বিরল অর্জন’ দেশে বিরাট সংবর্ধনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৪ দিনের সফর শেষে কাল রোববার বিকেলে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁকে ঢাকায় বিমানবন্দরে বড় ধরনের সংবর্ধনা দেবে বিএনপি।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার এ সফরকে দেশবাসীর সামনে ‘বিরল অর্জন’ হিসেবে দেখাতে ‘বিশাল সংবর্ধনার’ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক কমিটিকে।কমিটির সদস্য-সচিব আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়ার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর সম্পূর্ণ সফল হয়েছে। বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দিতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি চলছে।’এই ‘সম্পূর্ণ সফলের’ ব্যাখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেটে খালেদাকে যে সম্মাননা দেওয়া হয়েছে, তা বিরল। কেননা ওই সিনেটের ১৬৬ বছরের ইতিহাসে খালেদা জিয়াই কেবল এমন সম্মাননা পেলেন। এটা সমগ্র বাংলাদেশের জন্য আনন্দের বিষয়।’বিএনপির আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেন, তাঁদের আশা ছিল, খালেদা জিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাক্ষাৎ পাবেন। সেভাবেই দলের ভেতর, এমনকি গণমাধ্যমেও প্রচার ছিল। দলটির নীতি-নির্ধারকদের চিন্তা ছিল, বিশ্বরাজনীতিতে প্রভাবশালী এই দুই নেতার সাক্ষাৎ পেলে, সেটা দেশে ব্যাপকভাবে প্রচার পাবে। এর ফলে একদিকে বিএনপির নেতা-কর্মীদের মনোবল চাঙা হবে, অন্যদিকে সরকারের ওপরও কিছুটা মনস্তাত্ত্বিক চাপ পড়বে, যা থেকে বিএনপি রাজনৈতিকভাবে সুবিধা পাবে।কিন্তু ব্যাপক চেষ্টা সত্ত্বেও ক্যামেরন ও হিলারির সাক্ষাৎ পাননি খালেদা জিয়া। তাই এ নিয়ে দেশে বিএনপির নেতাদের মধ্যে একধরনের হতাশা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ও মধ্যম সারির কয়েকজন নেতা প্রথম আলোর সঙ্গে আলাপকালে এই ‘ব্যর্থতার’ জন্য জন্য খালেদা জিয়ার সফরসঙ্গী সাবেক কূটনীতিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।গত কয়েক দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গেছে, খালেদা জিয়া কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পাননি, তা নিয়ে কথা বলাবলি হচ্ছে। এ নিয়ে কেন্দ্রীয় নেতারা দলীয় নেতা-কর্মীদের প্রশ্নের মুখেও পড়েছেন।টেলিফোনে যোগাযোগ করা হলে গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার এক সফরসঙ্গী এ প্রতিবেদককে বলেন, ‘এখানে বসেই দেশের নেতা-কর্মীদের মনোভাব আমরা বুঝতে পারছি। হিলারির সঙ্গে খালেদার অল্প সময়ের জন্য হলেও একটি সাক্ষাতের চেষ্টা করা হয়েছিল। অন্তত হাই-হ্যালো ধরনের সাক্ষাৎ হলেও সেটা দেশে বিএনপির রাজনীতির জন্য ভালো হতো।’কেন্দ্রীয় এক নেতা প্রথম আলোকে বলেন, নেত্রীর নয়জন সফরসঙ্গীর মধ্যে সবাই সাবেক আমলা, ব্যবসায়ী ও সাংবাদিক। কোনো রাজনীতিককে নেওয়া হয়নি। এসব আমলার উচিত ছিল সফরসূচি চূড়ান্ত করার আগেই ডেভিড ক্যামেরন বা হিলারি ক্লিনটনের মতো বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতের সময় নিয়ে রাখা। এ ক্ষেত্রে তাঁরা অপরিপক্বতার পরিচয় দিয়েছেন। আর এ কারণেই সরকারি দলের কোনো কোনো নেতা ‘যতই চেষ্টা করুন না কেন, খালেদার হিলারি দর্শন হবে না’ বলে মন্তব্য করার সুযোগ পেয়েছেন।দলীয় সূত্র জানায়, এই অবস্থায় বিএনপিকে এখন নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেটে খালেদা জিয়ার পাওয়া সম্মাননাকে ‘বিরল’ অর্জন দেখিয়ে সংবর্ধনার আয়োজন করতে হচ্ছে। এই ‘অর্জনের’ জন্য দলটি গত বৃহস্পতিবার রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় আনন্দ মিছিলও করেছে। শুধু তা-ই নয়, মুখ রক্ষা করতে বিএনপির নেতারা এখন এমনও বলছেন, হিলারি বা ক্যামেরনের সঙ্গে খালেদা জিয়া সাক্ষাতের কোনো চেষ্টা করেননি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এই সফর বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। তবে যে বা যাঁরা ডেভিড ক্যামেরন ও হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাতের কথা ছড়িয়েছেন, তাঁরা কাজটি ঠিক করেননি। কিছু গণমাধ্যমও এ ধরনের সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।এদিকে খালেদা জিয়ার সফরসঙ্গীদের একজন টেলিফোনে এ প্রতিবেদককে বলেছেন, হিলারি ক্লিনটন সময় দিতে না পারায় খালেদা জিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন। এ কথা গত বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে হিলারির ভাই টনি রডহ্যাম খালেদা জিয়াকে বলেছেন। সূত্রটি জানায়, একই রকম বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর জন কেরি।