বিদেশের কারাগারে দুই হাজারের বেশি বাংলাদেশি আটক: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে দুই হাজারের বেশি বাংলাদেশি আটক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আটক সৌদি আরবে। আজ শনিবার সংসদে নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ তথ্য দেন।এর আগে বিকেল সাড়ে পাঁচটায় এক দিন বিরতির পর সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তরপর্ব আজও টেবিলে উপস্থাপিত হয়।পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দেশের কারাগারে আটক বাংলাদেশিদের মধ্যে বাহরাইনে ১২ জন, ব্রুনাইতে দুজন, মিশরে সাতজন, আলজেরিয়ায় ২৩ জন, সাইপ্রাসে ২৪ জন, ইরানে ৪৩ জন, জাপানে সাতজন, জর্ডানে ১৯ জন, সিরিয়ায় একজন, মিয়ানমারে ৭৬ জন, ওমানে ১৬১ জন, সিঙ্গাপুরে ১৮০ জন, তুরস্কে ২৩ জন, আজারবাইজানে তিনজন, চীনে আটজন, ভারতে ১৮৯ জন, যুক্তরাজ্যে ১৮৮ জন এবং সৌদি আরবে এক হাজার ৪৬ জন।মমতাজ বেগমের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্বের বিভিন্ন দেশে ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে বর্তমানে দুজন কর্মরত।নিলুফার চৌধুরীর এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বাংলাদেশ দূতাবাসগুলোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের উত্সাহ বৃদ্ধি করতে দূতাবাসগুলো নিয়মিত সংশ্লিষ্ট দেশের চেম্বার অব কমার্সের সঙ্গে বৈঠকের আয়োজন করে।