বিদেশের হাসপাতালে এ দেশের ডাক্তার
‘প্রথম দিকের কথা। ফ্রান্সে গিয়ে শাড়ি পরে বের হলেই সবাই সেধে কথা বলত। পরে বুঝতে পারলাম, শাড়ির কারণে সবাই কথা বলতে এসেছে। বেশির ভাগ সময় ওদের কথা বুঝতাম না। ওরা কথা বলত ফরাসিতে। আমি বাংলাদেশি, সেটি ইংরেজিতে বোঝানোর চেষ্টা করতাম। অনেক ভালো লাগত তখন।’ আলাপটা এভাবেই জমে উঠল খোদেজা আক্তারের সঙ্গে। বর্তমানে তিনি ফ্রান্সের একটি হাসপাতালের (সেন্ট্রাল হসপিটালিয়ের) মনোরোগ বিভাগের পিএইচ পদে আছেন। সেখানের ক্লিনিক্যাল শাখায় এটাই সর্বোচ্চ পদ। চিকিৎসক, সেবিকাসহ তাঁর অধীনে বর্তমানে ৪০ জন কাজ করেন। আজকের এই অবস্থানে আসতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। এই পথে সহযাত্রী ছিলেন স্বামী চিকিৎসক রফিকুর রহমান। ঢাকার তেজগাঁও পলিটেকনিক স্কুলের বালিকা শাখা থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন খোদেজা। এরপর ছোটবেলার স্বপ্নপূরণের লক্ষ্যে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। সেখান থেকে পাস করে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে কাজ করেন দেশে। এরপর ফ্রান্সে স্বামীর কাছে উড়াল দেন ১৯৮১ সালের অক্টোবরের দিকে। প্রথম দুই মাস ঘরে বসেই কাটে। এর মধ্যে বুঝতে পারেন, এখানে ফরাসি ভাষা শিখতেই হবে। খোদেজা বলেন, ‘এই চিন্তা থেকেই লিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ফরাসি ভাষা শিক্ষা কোর্সে। নিজের চেষ্টায় প্রথমও হলাম। অনেক ভালো লাগছিল তখন। এবার শুরু হলো নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পালা। আর আমাদের দেশ থেকে ডাক্তারি পাস করে ফ্রান্সে সরাসরি চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ নেই। পরীক্ষা দিতে হয়। সেখানে উত্তীর্ণ হলেই চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।’ ফ্রান্সেই জন্ম হলো খোদেজার প্রথম সন্তান মৌসুমী রহমানের। মাঝে কেটে গেল দুই বছর। এরপর স্যাভেলিয়ার একটি হাসপাতালে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ মিলল। পাশাপাশি তিনি ভর্তি হলেন মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন করতে। তিনি বলেন, ‘আমি দেখলাম, এখানে প্রতিষ্ঠা পেতে হলে সব বিষয়ে পারদর্শী হতে হবে। অনেক পরিশ্রম করতে হতো। কিন্তু থেমে যেতাম না। শিখে ফেললাম গাড়ি চালনাও। এ সময় জন্ম হলো আমার দ্বিতীয় সন্তান প্লাবন রহমানের। দুই সন্তান সামলানো, কাজ আর পড়াশোনা—সব মিলিয়ে অগোছালো অবস্থা। তবে আমার স্বামী যথেষ্ট সাহায্য করতেন।’ সবকিছুই ঠিকঠাক চলছিল। এর মধ্যে স্বামী রফিকুর রহমান পৃথিবী ছেড়ে চলে গেলেন। বিদেশ-বিভুঁইয়ে দুই সন্তানসহ অসহায় হয়ে পড়েন খোদেজা। সাত ও নয় বছরের দুই সন্তানকে নিয়ে শুরু হয় তাঁর টিকে থাকার লড়াই। পড়াশোনা, খণ্ডকালীন চাকরি, আবার দুই সন্তানের পড়াশোনা ও দেখভাল করা—সবই করতে হয়েছে। হাল ছাড়েননি তিনি। সংসারের ব্যয় বেড়ে গেলে শুরু করলেন পূর্ণকালীন চাকরি। মাদক, মাদকাসক্তি ও মনোরোগ বিষয়ে উচ্চতর শিক্ষা চালিয়ে যেতে থাকেন। এবার প্রস্তুতি নিলেন ‘ইকুইভ্যাল’ পরীক্ষার জন্য। ইকুইভ্যাল হচ্ছে বাংলাদেশের এমবিবিএস সমমানের সার্টিফিকেট পরীক্ষা। উতরে গেলেন সেখানেও। সাহসটা বেড়ে গেল খোদেজা আক্তারের। এরপর দিলেন ফ্রান্সের পাবলিক সার্ভিস পরীক্ষা। সেখানেও সফল হলেন। শুরু হলো তাঁর নতুন পথচলা। সন্তানেরাও বেড়ে উঠতে লাগল ঠিকমতো। ‘আজ মনে পড়ে প্লাবনের স্কুলের অধ্যক্ষের কথা—প্লাবন সব বিষয়ে সেরা। আপনার আরও ৫০টি সন্তান থাকলে আমরা তার পড়ার ভার নিতাম।’ মায়ের সেদিন গর্বে বুক ভরে গিয়েছিল। প্লাবন এখন প্রকৌশলী। বর্তমানে ফ্রান্সের সাউথ ওয়েস্টের গ্যাসলাইন পরিবেশকের রক্ষণাবেক্ষণের প্রধান। আর মেয়ে এ বছরই ফার্মাসিতে পড়া শেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পরামর্শক হিসেবে কর্মরত আছেন কম্বোডিয়ায়। কাজের খাতিরে বিদেশে অবস্থান করলেও দেশকে ভুলে থাকতে পারেননি খোদেজা। তাই তো প্রতিবছর সুযোগ পেলেই সন্তানদের নিয়ে এক বা একাধিকবার দেশে আসেন। আর সেই ধারা অব্যাহত রাখতেই এবারও দেশে এসেছিলেন মা-ভাইবোনদের দেখতে। তাঁর নিজের শরীরটাও ভালো নেই। তখনই কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে। কম্বোডিয়া থেকে মা ও নানুকে দেখতে একই সময়ে দেশে এসেছিলেন মেয়ে মৌসুমীও। কাজের অবসরে বাগান করে আর বাংলা সিনেমা দেখে সময় কাটে খোদেজা আক্তারের। বলেন, ‘ছেলেবেলার কথা মনে পড়লে মনে হয়, সব ছেড়ে দেশে চলে আসি। পরক্ষণে আবার ভেসে ওঠে রোগীদের মুখগুলো। তখন ভাবি, যা করছি মানুষের জন্যই তো করছি। সবকিছুর ওপরে যে আমার সেবা।’