বিদ্বেষের রাজনীতি বিষের মতো ছড়িয়েছে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বিদ্বেষের রাজনীতি ফরমালিনের বিষের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাজনীতির বিষাক্ত ছোবল থেকে ১৫ কোটি মানুষ রেহাই পাচ্ছে না। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘উইকিলিকস আমাদের দেশের কিছু গোপন বার্তা ফাঁস করে ভূমিকম্পের মতো আতঙ্ক তৈরি করেছে। অনেক নেতার সততা, পরিপক্বতা, স্বচ্ছতা ও মর্যাদা বড় মাপের প্রশ্নের সম্মুখীন হয়েছে।’ তিনি পারস্পরিক বিষের বাষ্প না ছড়িয়ে জাতীয় সংসদে এসে অভিন্ন জাতীয় স্বার্থে সমঝোতায় উপনীত হওয়ার জন্য প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সমঝোতা কঠিন হলেও অসম্ভব নয়। তা না হলে তিক্ততা, অবিশ্বাস ও রক্তক্ষরণ বাড়বে। রাজনীতিবিদদের মর্যাদার স্বার্থে একটি সমঝোতায় পৌঁছানো অতি জরুরি বলে ওবায়দুল কাদের মন্তব্য করেন। বিরোধী দলের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, এটা আষাঢ়ের তর্জন-গর্জন। বাংলাদেশের সব সরকারই পাঁচ বছর পূর্ণ করেছে। তাই এসব আন্দোলনের তর্জন-গর্জন নিষ্ফল।তেলের দাম বাড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর সঙ্গে সংগতি রেখেই বাংলাদেশে তেলের দাম বাড়ানো হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে তিনি খবরদারি না করে প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালুর পরামর্শ দেন।