মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে তথ্য-উপাত্ত দিয়ে আজ বৃহস্পতিবার ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান বলেছেন, ২০ জন অপরাধীর বিরুদ্ধে এমন সব তথ্যপ্রমাণ রয়েছে, যার ভিত্তিতে এখনই তাঁদের গ্রেপ্তার করা যায়।এম এ হাসান উদ্বেগ প্রকাশ করে বলেন, এরই মধ্যে অনেক অপরাধী পালিয়ে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন বলেন, অপরাধীরা পালিয়ে যাচ্ছেন, আরও অনেকে পালিয়ে যেতে পারেন। কিন্তু যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের অনুপস্থিতিতেই বিচার হবে। তবে এ বিষয়টি ট্রাইব্যুনালের কাছে তুলে ধরবেন বলে তিনি জানান।আজ বেলা ১১টা ১০ মিনিটে এম এ হাসানের নেতৃত্বে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির চার সদস্যের একটি দল তদন্ত সংস্থার প্রধানের কাছে শীর্ষ অপরাধীদের একটি সংক্ষিপ্ত তালিকা, অপরাধের বিবরণ, সন্ত্রাসীদের নামসহ তথ্য-উপাত্ত ও বই জমা দেন।ট্রাইব্যুনালের কাছে জমা দেওয়া বইগুলোর মধ্যে আছে যুদ্ধাপরাধ, গণহত্যা ও বিচারের অন্বেষণ, যুদ্ধ ও নারী, পাকিস্তানী যুদ্ধাপরাধী ১৯১ জন, শীর্ষ ১৫ পাকি যুদ্ধাপরাধী এবং যুদ্ধাপরাধীর তালিকা ও বিচার প্রসঙ্গ। ১৯৭১ সালে ঢাকার বধ্যভূমিগুলোর একটি মানচিত্র, ১৯৭২ সালের দৈনিক ইত্তেফাক, দৈনিক পূর্বদেশ ও দৈনিক বাংলার কিছু পেপার কাটিং এবং সেসঙ্গে কিছু ঘাতকের ছবি ও আস্তানার পরিলেখও জমা দেন তাঁরা।তথ্য-উপাত্ত জমা দেওয়ার পর এম এ হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৮ এপ্রিল সৌদি দূতাবাসে জামায়াত নেতা মো. কামারুজ্জামানসহ সংশ্লিষ্টদের ছবিসহ আরবিতে অনূদিত ৮০০ পাতার একটি সংকলনসহ তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানো হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে গণহত্যাসহ মানবতার বিরুদ্ধে কৃত অপরাধগুলো সম্পর্কে সৌদি আরব অবহিত নয়। ওই সংকলনটি দিয়ে সৌদি আরবকে এ বিচারে একটি ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।