বিদ্যমান পদ্ধতি চলতে থাকলে বিচারব্যবস্থা ভেঙে পড়বে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারক অপ্রতুল। এ জন্য মামলাজটের সৃষ্টি হয়। বিদ্যমান বিচার পদ্ধতি অব্যাহত থাকলে বিচারব্যবস্থা ভেঙে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।আজ শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আইন কমিশন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি বাস্তবায়নে আদালতের দায় ও প্রতিবন্ধকতা বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়।আইনমন্ত্রী আরও বলেন, মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়া উপায় নেই। এটা সম্ভব হলে মানুষ সহজে বিচার পেতে পারে। তিনি অভিযোগ করেন, মামলা ও আদালত ব্যবস্থাপনা দুর্বল। অকারণেই মামলা মুলতবি করা হয়। মামলা বিনা কারণে যাতে মুলতবি করা না হয়, সে জন্য তিনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করতে হবে। এ ক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি আইনে কোনো সংশোধনী আনতে হলে সেটা আইন কমিশনকেই ঠিক করতে হবে। বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন বলেন, মামলার নিষ্পত্তি ও সমন জারিতে বছরের পর বছর লেগে যায়। মিথ্যা হলফনামা দিয়েও মামলা বিলম্বিত করা হয়।