বিদ্যমান বিচারব্যবস্থা ফলপ্রসূ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি আইন একটি মহান পেশা। পেশার শুরুর দিন থেকেই আমি উপলব্ধি করেছি, আইন শেখার শুরু আছে, শেষ নেই। এ প্রতিষ্ঠান থেকে বিদায়ের দিন থেকে আমি একজন শিক্ষার্থী হিসেবেই চলে যাচ্ছি, যার আইনের শিক্ষা অসম্পূর্ণ থেকে গেল। আইন-পেশা এবং বিচার বিভাগের প্রতিষ্ঠান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বিশ্বায়নের সর্বজনীন রূপ নিয়ে নতুন স্বর্ণযুগের যাত্রা শুরু। আর এর প্রভাবে আইন-পেশা এবং বিচার বিভাগেরও সব দিক থেকে পরিব্যাপ্ত হওয়া উচিত। কিছু বিধিবদ্ধ পুরোনো আইন এবং পদ্ধতি বিচারপ্রার্থীদের প্রতিকার দেওয়ার ক্ষেত্রে অকেজো হয়ে যাচ্ছে। প্রচলিত বিচার প্রশাসনকে একটি কার্যকর, ফলপ্রসূ, দ্রুত ও সহজতর বিচার প্রদায়ক ব্যবস্থায় রূপদানের জন্য আইনজীবী এবং বিচারক—উভয়কেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দ্বন্দ্বমূলক বিচারপদ্ধতিতে সালিস এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রটি চালু করতে হবে। বিভিন্ন ধরনের ক্রমবর্ধমান মামলা-মোকদ্দমাতে সালিস এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে। আইনজীবী এবং বিচারক—উভয়ের যত্নবান হাতেই এ পদ্ধতিগুলোর রূপদান এবং তা প্রতিফলিত বা কার্যকর হতে হবে। উচ্চ এবং নিম্ন আদালতের সব আইনজীবী এবং বিচারকদের নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ বুঝতে হবে, একত্রে দ্রুত এবং কার্যকর বিচারব্যবস্থা চালুর জন্য পরিকল্পনা নিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকের ওপর অর্পিত ক্ষমতা কোনো দৈব হাতে প্রদত্ত ক্ষমতা নয়। এটা বাংলাদেশের জনগণের, যাদের হাতেও বিচারিক ক্ষমতা রয়েছে। সাংবিধানিক আয়োজনে জনগণের ক্ষমতা, যা বিচারকের মধ্য দিয়ে প্রয়োজনমতো প্রতিফলিত হয় এবং তাঁরা বিভিন্ন আদালত এবং ট্রাইব্যুনালে বিচারকের ভূমিকা পালন করেন। সাংবিধানিক স্বীকৃতির ক্ষেত্রে জনগণই হচ্ছে সব ক্ষমতার মূল আধার এবং উৎস। জনগণের বৈধ প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সরকারের অন্যান্য অংশের মতো বিচার বিভাগ নিশ্চুপ এবং দায়িত্বহীন হয়ে থাকতে পারে না। জনগণ যদি দ্রুত তাদের মামলা নিষ্পত্তি করতে চায়, যদি তারা মামলার ক্ষেত্রে সহনীয় খরচ প্রত্যাশা করে, যদি তারা বিচারকদের ক্ষমতা প্রয়োগে নিরপেক্ষতা এবং স্বাধীনতা দাবি করে, যদি তারা ভোগান্তিহীন এবং হয়রানিমুক্ত বিচার-প্রক্রিয়া এবং প্রসিকিউশন আশা করে, তাহলে জনগণের বৈধ প্রত্যাশা পূরণে শুধু আইনজীবী এবং বিচারক নন, সংসদ এবং নির্বাহী বিভাগের যৌথ দায়িত্ব রয়েছে। যদি তারা ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা পুরো ব্যবস্থার ওপর জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরশীলতা নষ্ট করে ফেলবে। আমি দেশের সব আইনজীবী এবং বিচারকদের কাছে অনুরোধ করি, জনগণের বৈধ প্রত্যাশাগুলো পূরণের ক্ষেত্রে তাদের বাধ্যগত প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে যথাযথ দায়িত্বশীল হতে। এটা তাঁদের একটি সাংবিধানিক প্রতিশ্রুতি। (৭ ফেব্রুয়ারি ২০১০ বিচারপতি তাফাজ্জাল ইসলামের বিদায়ী ভাষণ থেকে ঈষত্ সংক্ষেপিত ও অনূদিত)