বিদ্যালয় আর নদী দূরত্ব এক হাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের সামনে এক হাত দূরত্বেই নদী। একসময় বিদ্যালয়ের সামনে মাঠ, তারপর অনেক দূরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধেরও অনেক দূরত্বে ছিল বিষখালী নদী। চার-পাঁচ বছরে জমি ভাঙতে ভাঙতে এখন নদী চলে আসে বিদ্যালয়ের কাছাকাছি। আর এক সপ্তাহ আগে আকস্মিক ভূমিধসে ব্যাপক এলাকা বিলীন হয়ে গেলে নদী আর বিদ্যালয়ের দূরত্ব কমে আসে মাত্র এক হাতে। যেকোনো সময় এই দূরত্বও ঘুচে গিয়ে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।২৬ আগস্ট সরেজমিনে দেখা গেছে, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিষখালী নদীর তীরবর্তী পশ্চিম নিশানবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি নদীর কিনারে দাঁড়িয়ে আছে।জানা গেছে, ১৯৯১ সালে পশ্চিম নিশানবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ওই এলাকার আ. মান্নান মোল্লা নামের এক ব্যক্তি প্রতিষ্ঠার সময় ৫০ শতক জমি বিদ্যালয়ের নামে দান করলে সেখানে এই বিদ্যালয় গড়ে ওঠে। ২০০০ সালে সেখানে সরকারি অর্থায়নে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়টি নির্মাণের পর এই এলাকার দুটি বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙনের তীব্রতায় বর্তমানে তা বিদ্যালয়ের এক হাত দূরত্বে চলে আসায় বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩০০ শিশু শিক্ষার্থী মারাত্মক ভাঙন ও ভূমিধসের ঝুঁকির মধ্যে ক্লাস করছে। নদীর ভাঙন মাত্র এক হাত দূরত্বে চলে আসায় স্বাভাবিক জোয়ারের পানি বিদ্যালয় ও আশপাশে ঢুকে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।ওই এলাকার সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিনারা বেগম জানান, বিদ্যালয়ের নামে অন্যত্র ২০ শতক জমি রয়েছে। সেই জমিতে বিদ্যালয়টি স্থানান্তরের জন্য গত ফেব্রুয়ারি মাসে বরগুনা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত দাবি জানান গ্রামবাসী। কিন্তু তার পরও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, বিষখালী নদীর স্রোতে নিশানবাড়িয়া স্লুইসগেটটি ভেঙে যাওয়ার পর ওই এলাকা থেকে আ. রব হাওলাদার, কাঞ্চন মোল্লা ও মনির হোসেনের বাড়িঘর অন্যত্র সরিয়ে নেন। বর্তমানে বিদ্যালয় ও সংলগ্ন আরও ১৫-২০টি পরিবার ঝুঁকির মধ্যে ওই এলাকায় বাস করছে।ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘অন্যত্র স্থানান্তরের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু এর কোনো সুরাহা হয়নি। নদী যেভাবে ভেঙে কাছে চলে আসছে, তাতে আমরা সব সময় আতঙ্কে আছি।’নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, বিদ্যালয়টি জমিদাতা আ. মান্নান মোল্লার বাড়ির দরজায় হওয়ায় তিনি বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর করার বিষয়ে শুরু থেকেই অনাগ্রহ দেখাচ্ছেন। ফলে বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে সমস্যা হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হচ্ছেন মান্নান মোল্লার স্ত্রী খুশি বেগম।মান্নান মোল্লা মুঠোফোনে বলেন, নদী ভাঙছে ঠিক আছে, কিন্তু বিদ্যালয়ের তো কোনো সমস্যা হচ্ছে না। বিদ্যালয়ে তো ঠিকঠাক ক্লাস চলছে।বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টি মারাত্মক ঝুঁকিতে আছে, সেটা আমি কয়েক দিন আগে দেখে এসেছি। আমি এলাকার লোকজনের সঙ্গে কথা বলে বিদ্যালয়টি স্থানান্তরের ক্ষেত্রে কী করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেব।’