বিদ্যালয় বন্ধ বন্ধ নেই পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষে কক্ষে চলছে পাঠদান। ছাত্রছাত্রী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ। শিক্ষাঙ্গনে প্রাণোচ্ছল এক পরিবেশ। তবে এটা কোনো স্থায়ী বিদ্যালয়ের দৃশ্য নয়। ছুটির সময়টাকে কাজে লাগাতে অভিনব এক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিলেটের বালাগঞ্জে। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে বিদ্যালয় বন্ধ থাকলেও বন্ধ নেই পাঠদান। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় বন্ধ থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে স্থানীয় একটি কলেজে। উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ এখন কার্যত বিদ্যালয়ে পরিণত হয়েছে। কলেজে অব্যবহূত থাকা কক্ষগুলো ব্যবহার করে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রায় দেড় মাস পাঠদান করা হবে। যা ছাত্রছাত্রীদের সময়মতো পাঠ্যসূচি শেষ করতে অনেক সাহায্য করবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র রুবেল আহমদ বলেন, বাড়িতে থাকলে সময়টা নষ্ট হতো। ক্লাস করে সময়টা কাজে লাগছে।খোঁজ নিয়ে জানা যায়, গত ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে অন্যান্য বিদ্যালয়ের মতোই উপজেলার মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চবিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও বন্ধ হয়ে যায়। কারণ সেখানে স্থাপন করা হয়েছে পরীক্ষাকেন্দ্র। এভাবে বিভিন্ন পরীক্ষা ও ছুটির কারণে বছরের প্রায় অর্ধেক সময়ই বন্ধ রাখতে হয় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আর এ নিয়ে পথ খুঁজতে থাকেন উদ্বিগ্ন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।চলতি এইচএসসি পরীক্ষার কারণে তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চবিদ্যালয়ের একটু দূরে অবস্থিত কলেজটিকে ব্যবহারের সুযোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের মতামতে গত ৩১ মার্চ থেকে কলেজের ১২টি শ্রেণীকক্ষ ও দুটি অফিসকক্ষ ব্যবহার করে শুরু হয় মাধ্যমিক শ্রেণীর ক্লাস। নির্বিঘ্নে পাঠদান পরিচালনার জন্য প্রয়োজনীয় বেঞ্চ, ডেস্ক, চেয়ার-টেবিল, আলমিরা, খাতাপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিদ্যালয় থেকে নিয়ে আসা হয় কলেজে। সরেজমিন গিয়ে দেখা যায়, পাঠদানসহ সব শিক্ষা কার্যক্রম সুচারুভাবে চলছে। আনন্দমুখর এক পরিবেশ বিরাজ করছে ছাত্রছাত্রীদের মধ্যে। প্রায় এক হাজার ছাত্রছাত্রীকে নিয়মিত পাঠদান করাচ্ছেন ২৩ জন শিক্ষক। অফিসের কাজ চালাচ্ছেন পাঁচজন কর্মচারী। যাতায়াত ও মধাহ্নভোজে শিক্ষকদের কিছুটা সমস্যা হলেও ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে এ কষ্টটুকু মেনে নিয়েছেন তাঁরা। শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘ছাত্রছাত্রীদের পড়ালেখা ঠিকমতো চালিয়ে নিতে আমরা কষ্ট করতে রাজি আছি।’ নবম শ্রেণীর ছাত্র শুভ্রত দেব বলে, কলেজে ক্লাস না নিলে দেড় মাস আমাদের কোনো ক্লাস হতো না। এতে করে অনেকে পিছিয়ে পড়ত। এখন সময়টা কাজে লাগছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ হাসান বলেন, সারা বছর বিভিন্ন কারণে অনেকগুলো দিন বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখতে হয়। ছাত্রছাত্রীরা ঠিকমতো পাঠসূচি শেষ করতে পারে না। ফলে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে। সময়টাকে কাজে লাগাতে অস্থায়ীভাবে কলেজে কার্যক্রম চালানো হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সময়মতো পাঠসূচি শেষ করতে সহায়তা করবে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম গৌছুল আলম বলেন, ছাত্রছাত্রীদের উপকারের জন্য আমরা এটা করেছি। বিভিন্ন কারণে দিনের পর দিন ক্লাস বন্ধ থাকলে তারা পড়ালেখা করবে কখন। তাই বিদ্যালয়ের কার্যক্রম কলেজে চালানো হচ্ছে।