বিদ্যালয় মাঠে সার্কাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধনটে বিদ্যালয়ের মাঠ দখল করে বৃক্ষমেলার নামে সার্কাস প্রর্দশন করছেন ক্ষমতাসীন দলের নেতারা। এতে করে তিনটি বিদ্যালয়ের এক হাজার ৭০০ ছাত্রছাত্রীর লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক লিটন আহম্মেদ ও মেলা কমিটির আহ্বায়ক মাসুদুল হকসহ দলের নেতা-কর্মীরা গোসাইবাড়ী এএ উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বৃক্ষমেলা বানিয়েছেন। কিন্তু মেলায় বৃক্ষ নেই। তবে ওই মাঠে রাত-দিন সার্কাস প্রর্দশনী করছেন। মাঠের সঙ্গেই লাগানো গোসাইবাড়ী এএ উচ্চবিদ্যালয়, গোসাইবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় ও গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠে বৃক্ষমেলার নামে সার্কাস প্রর্দশনী চলায় প্রায় এক হাজার ৭০০ ছাত্রছাত্রীর লেখাপড়া ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, রাত-দিন ধরে সার্কাসের মাঠে কয়েকটি মাইকে বিভিন্ন ধরনের গান বাজানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ে ক্লাস চলাকালে গানের শব্দে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে। এতে করে পাঠদানে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া গভীর রাতে সার্কাসের মঞ্চে অশ্লীল নৃত্য প্রদর্শনী চলে। মেলা কমিটির আহ্বায়ক মাসুদুল হক জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই এক মাসের জন্য বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলা করছি। এলাকাবাসীকে আনন্দ দিতেই সেখানে সার্কাস প্রর্দশন করা হচ্ছে।গোসাইবাড়ী এএ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল হক বলেন, ‘মেলা কমিটির পক্ষ থেকে আমার কাছে আবেদন করলে, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমি তাদের অনুমতি দিয়েছি।’ গোসাইবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন বলেন, ‘মেলার আয়োজক কমিটি সার্কাস প্রদর্শনী বা উচ্চ শব্দে মাইক ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। মেলাটি সরকারি দলের নেতারা করছেন। মেলা কমিটির ব্যবহার করা মাঠটি আমার বিদ্যালয়ের সঙ্গে লাগানো হলেও মাঠটি আমাদের নয়। তাই কিছু করারও নেই।’উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক বলেন, ‘আয়োজক কমিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করেছিল। কিন্তু আমি অনুষ্ঠানে অংশ নিইনি। এ জন্য মেলা সম্পর্কে কিছু বলতে পারছি না।’