বিদ্যালয়চত্বরে গবাদিপশু ও কাঁচামালের হাট
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে সপ্তাহে দুদিন গবাদিপশু ও কাঁচামালের হাট বসানোর কারণে শিক্ষার্থীরা ওই দুদিন অঘোষিত ছুটির ফাঁদে পড়েছে।জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে ১৯৭৩ সালে ৭৫ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৯৮ সালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা স্কুলের পাশে পাঁচ শতক জমির ওপর সপ্তাহে দুদিন হাট বসানো শুরু করেন। সেই থেকে প্রতি রোববার পশুহাট এবং প্রতি বুধবার কাঁচামালের হাট বসে। কিন্তু ২০০১ সাল থেকে উদ্যোক্তারা বিদ্যালয়চত্বরের পুরো জায়গা দখলে নিয়ে হাটের কার্যক্রম পরিচালনা করতে থাকেন। ২০০৯ সালে প্রথম সরকারিভাবে এই পশুহাটটি সাত লাখ ১৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয় পারলক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলামকে। তিনি একই দরে ২০১০ সালেও হাটটি ইজারা নেন। এরপর তিনি শর্ত ভেঙে আবদুল হান্নান নামের এক ব্যক্তির কাছে প্রায় সাড়ে ১২ লাখ টাকায় সাব ইজারা দেন। ১ আগস্ট হাটে গিয়ে আবদুুল হান্নান ও তাঁর লোকজনকে পাওয়া গেছে। তবে আমিনুল ইসলাম সাব ইজারা দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘নিয়ম মেনেই আমি হাট ইজারা নিয়েছি। আবদুল হান্নান আমার ব্যবসায়িক অংশীদার।’বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সোহাগ জানায়, প্রতি রোববার বিদ্যালয়চত্বরে গরুর হাট বসে। হাটে উপস্থিত লোকজনের হইচই ও গরুর ডাকে পড়াশোনা করা যায় না। এ কারণে টিফিনের আগেই তাদের বাড়ি চলে যেতে হয়। কোনো কোনো রোববার সকাল ১০টা থেকেই বিদ্যালয়চত্বরে গরুর সমাগম এবং আলমসাধু, নসিমন, করিমন ও পাওয়ার টিলারের বিকট শব্দে শিক্ষকেরা বাধ্য হয়েই ক্লাস না করিয়ে হাজিরা খাতায় নাম লিখে ছুটি দিয়ে দেন। তৃতীয় শ্রেণীর ছাত্রী জামিলা আকতার জানায়, হাটের কারণে বিদ্যালয়ের খেলার মাঠ ও বারান্দা গরুর গোবর ও চনায় (মূত্র) একাকার হয়ে যায়। প্রতি সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা বাদ দিয়ে এসব ময়লা পরিষ্কার করতে হয়। গরুর হাট ও নোংরা পরিবেশের কারণে বিদ্যালয়ে রবি ও সোমবারে অ্যাসেম্বলি হয় না। চতুর্থ শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান জানায়, বুধবারে কাঁচামালের হাট বসার কারণেও বিদ্যালয়ে যাওয়া-আসা কঠিন হয়ে পড়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তরে যোগাযোগ করা হলেও হাটটির স্থানান্তরের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন বলেন, হাটের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। হাটের নামে নির্ধারিত পাঁচ শতক জমি থাকলেও এর পরিবর্তে ইজারাদার বিদ্যালয়চত্বরের জমি দখল করে নিয়মিত হাট বসাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘আমি মাত্র কয়েক দিন আগে দায়িত্ব পেয়েছি, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানি না।’আলমডাঙ্গার ইউএনও মুহা. আবদুস সালাম বলেন, ‘আমি আজ প্রথম জানলাম, স্কুলচত্বরে হাট বসে। আমি জানি, নিজস্ব জমিতে ওই হাট বসছে। তাই আগের কর্মকর্তাদের কাজের ধারাবাহিকতা হিসেবে এবারই প্রথম আমি ইজারা দিয়েছি। যদি স্কুলচত্বরে হাট বসে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’