বিদ্যালয়টি দুপুর একটা বাজতেই ছাত্রছাত্রী ও শিক্ষক-শূন্য
৩ মে সোমবার দুপুর একটায় ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নের মহৎপুর গ্রামে অবস্থিত ৪২ নম্বর মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছিল তালাবদ্ধ। চারদিকে সুনসান নীরবতা। নেই কোনো ছাত্রছাত্রী-শিক্ষক। অথচ সরকারি নিয়ম অনুযায়ী সকাল নয়টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস চলার কথা।বিদ্যালয়ের প্রায় আধাকিলোমিটার পশ্চিমে এক বাড়িতে গিয়ে পাওয়া যায় এ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইসরাত জাহানকে। সে বলে, ‘স্কুলে গেছিলাম, ১২টায় স্যারে ছুটি দিয়া দিছে। প্রত্যেক দিনই ১২টায় ছুটি অয়।’ কতজন স্যার আজ স্কুলে এসেছিলেন, এ প্রশ্নের জবাবে ইসরাত বলে, ‘শুধু হেড স্যার আসছিল, আর কেউ আসে নাই।’ইসরাতের মতো একই কথা বলে একই গ্রামের ওই স্কুলে অধ্যয়নরত শিশু শ্রেণীর পারভেজ ও তৃতীয় শ্রেণীর আমিন।পশ্চিম মহৎপুর গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে তারুলি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিলা বলে, ‘আমি মহৎপুর প্রাইমারি স্কুল থেকে গত বছর পাস করছি, আমাদের সময় প্রতিদিন দুপুর দুইটায় ছুটি অইতো।’স্থানীয় আ. ওয়াহেদ হাওলাদার (৫০) বলেন, ‘আমার পাঁচ ছেলেমেয়ে এই স্কুল থেকে পাস করেছে। এখন হুনি ছাত্রছাত্রীর অভাবে স্কুলডা বন্ধ অইয়া যাইবে। স্কুলডা বন্ধ অইয়া গ্যালে মহৎপুর, গদ্যকাঠি, রামনগর ও পার কিফাইতনগর গ্রামের ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হবে।’স্থানীয় কৃষক আ. কুদ্দুস বলেন, ‘স্কুলডায় পোলামাইয়া কম যায়, হেইতে সারেরাও ঠিকমতো আয় না, আবার আইলেও তাড়াতাড়ি চইল্লা যায়।’ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী বাদে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২২। এর মধ্যে প্রথম শ্রেণীতে আটজন, দ্বিতীয় শ্রেণীতে পাঁচজন, তৃতীয় শ্রেণীতে সাতজন, চতুর্থ শ্রেণীতে দুজন এবং পঞ্চম শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী নেই। প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকার পদ তিনটি। একজন সহকারী শিক্ষিকা বর্তমানে প্রশিক্ষণকালীন ছুটিতে রয়েছেন।প্রধান শিক্ষক আ. লতিফ শরীফ বলেন, ‘আজ ও গতকাল ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়েছি, তাই একটার দিকে ছুটি দিয়ে চলে এসেছি।’সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান বলেন, ‘বিদ্যালয়টি খুবই দুর্গম ও নির্জন এলাকায় অবস্থিত। প্রায়ই ছাত্রছাত্রীরা স্কুলে আসে না। ছাত্রছাত্রী না থাকলে একা একা থাকতে ভয় করে। তাই মাঝেমধ্যে আমরা তাড়াতাড়ি চলে আসি।’বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম শাহজাহান বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রী স্কুলে থাকুক আর না থাকুক চারটা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার কথা। আমি খোঁজখবর নিয়ে দেখব, অভিযোগ সত্য হলে কর্তৃপক্ষকে জানাব। বিদ্যালয়ে ছাত্রছাত্রী বাড়ানোর জন্য বিদ্যালয়টি লোকালয়ে স্থানান্তরের চেষ্টা চলছে।’ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার নিয়ম। দুপুর একটায় বিদ্যালয় কেন বন্ধ ছিল, তা তদন্ত করে দেখা হবে। বিদ্যালয়টি নির্জন স্থানে হওয়ায় ওখানে কোনো শিক্ষক যেতে চান না।’