বিদ্যালয়ে না যাওয়ার দল
যখন নতুন বই-খাতা নিয়ে তাদের বিদ্যালয়ে থাকার কথা, সহপাঠীদের সঙ্গে মেতে ওঠার কথা আনন্দে, হই-হুল্লেড়ে, তখন তাদের দিন কাটে হাওরে। সাতসকালে হাওরে যাওয়া, আর শেষ বিকেলে বাড়ি ফেরা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রাখাল বালক এরা। এদের বয়স আট থেকে ১৪-এর কোঠায়। এরা কেউ লেখাপড়া করে না। হাওর এলাকার কয়েক শ রাখাল বালকের এভাবেই দিন কাটে।সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে হাতিরগাতি বিল এলাকায় এক দুপরে কথা হয় হাওরের রাখাল বালকদের সঙ্গে। ১৫ থেকে ২০ জনের একটি দল। সবার হাতে একটি করে ছোট লাঠি। কারও গায়ে জামা আছে, কারও আবার নেই। কারও হাতে পুঁটলি। এতে দুপুরের খাবার। রঞ্জন মাঝির বয়স ১২। বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে তার পিসির বাড়ি। এখানে সে এসেছে ছয় মাসের জন্য। সারা দিন হাওরে গরু চরানোই তার কাজ। এ জন্য ছয় মাসে তাকে দেওয়া হবে ছয় মণ ধান। রঞ্জন জানায়, সে স্কুলে যায় না। তার বাবা ছয় মণ ধানের চুক্তিতে তাকে ছয় মাসের জন্য এখানে পাঠিয়েছেন। একইভাবে মণিরাজ (১০) এসেছে একই উপজেলার আনোয়ারপুর থেকে রায়বাঙালী গ্রামে। একই চুক্তিতে।অন্যদের বাড়ি হাওর পাড়ের ইন্দ্রপুর, রায়বাঙালী, কান্দাপাড়া, রংসি, বীরেন্দ্রনগর, বাগলীসহ বিভিন্ন গ্রামে। আল আমিন, বকুল, অমিত, নন্দলাল, রুবেল, সনজিত্, মাসুক, আলী, আবদাল ও রিংকু এরা কেউ-ই বিদ্যালয়ে যায় না। এদের সবার প্রায় একই সমস্যা। সংসারে দারিদ্র্য। কারও বাবা শ্রমিক, কেউ নিজের জমিতে কাজ করে, কেউ বা অন্যের। তাই সারা দিন হাওরে গরু চরানোর কাজটি এই বালকদের করতে হয়। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় যে যা পারে কিছু খাবার নিয়ে আসে দুপুরের জন্য। কেউ আনে রুটি-ভাত, আবার কেউ আসে শূন্য হাতে। সারা দিন হাওরেই কাটে তাদের। সবাই মিলে মাঝেমধ্যে এটা-সেটা নিয়ে খেলে সময় কাটায়।রাখাল বালক আল আমিন জানায়, সে বিদ্যালয়ে যাওয়ার জন্য তার বাবাকে বলেছিল। বাবা ছয় মাস পরে ব্যবস্থা করে দেবেন বলেছেন। সনজিতের বাবা নেই। মা মাটি কাটার কাজ করেন। তারা তিন ভাইবোনের কেউ-ই বিদ্যালয়ে যায় না। তবে সাইফুলের নাম এলাকার (শিখন) স্কুলের খাতায় আছে। কিন্তু সে যেতে পারে না। হাওরে গরু নিয়ে আসতে হয় তাকে।ইন্দ্রপুর গ্রামের মুরব্বি হজরত আলী জানান, রাখালেরা সবাই গরিব ঘরের ছেলেপুলে। সু্কলে গেলে গরু দেখাশোনা করার কেউ নেই। তবে তাদের স্কুলে পাঠানো উচিত বলে মনে করেন হজরত আলী। রায়বাঙালী গ্রামের যুবক আলী হায়দর জানান, পুরো হাওর এলাকায় কয়েক শ শিশু আছে, যারা এই মৌসুমে রাখালের কাজ করে। কেউ নিজের, আবার কেউ বা ধানের মাধ্যমে ছয় মাসের জন্য অন্যের বাড়িতে কাজ নেয়। অভাবের কারণে এরা কেউ বিদ্যালয়ে যেতে পারে না।কান্দাপাড়া গ্রামের স্কুলশিক্ষক মাইনুল ইসলাম বলেন, ‘এলাকায় স্কুল আছে। আমরাও বলি, সব শিশুর স্কুলে পাঠানোর জন্য। সমস্যা হলো, এই রাখাল বালকদের অভিভাবকেরা সচেতন নয়। কথা শোনে না। এ ছাড়া তাদের সামর্থ্যও নেই।’