শিশুদের একটি সংগঠনের জরিপে দেখা গেছে, প্রায় এক বছরে বিদ্যালয়ে বখাটে ও অসাধু ব্যক্তির প্রবেশ কমেছে। গৃহশিক্ষকের কাছে ও কোচিংয়ে পড়ার হার বেড়েছে ছয় শতাংশ। একই সময় শিক্ষা কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনের হার ১৪ শতাংশ কমেছে। শিক্ষার্থী নির্যাতন চলছেই। শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্ট এই জরিপ করেছে। এই সংগঠনটিকে আর্থিক ও নানাবিধ সহায়তা দেয় বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া। চাইল্ড পার্লামেন্ট শিক্ষা ও সুশাসন বিষয়ে গত মাসে (মার্চ) ৬৪টি জেলার ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৮০ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ করে। শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী। পাশাপাশি জন্মনিবন্ধনের চিত্রও দেখা হয় এই জরিপে। গত বছর এপ্রিল-মে মাসে একই ধরনের একটি জরিপ করেছিল এই সংগঠন।সরকার প্রজ্ঞাপন জারি করার পরও বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি জরিপে দেখা যাচ্ছে না। গতবার ৬৯ শতাংশ ছাত্রছাত্রী শিক্ষকদের হাতে শাস্তি পাওয়ার কথা বলেছিল। এ বছরের জরিপে ৬৮ শতাংশ শিক্ষার্থী একই অভিযোগ করেছে। গত বছরের জরিপে ৫৪ শতাংশ ছাত্রছাত্রী বলেছিল বিদ্যালয়ে বখাটেরা প্রবেশ করে। ওই সব শিক্ষার্থীর মতে, যেকোনো ক্ষমতাবান ব্যক্তি ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে—এমন ব্যক্তিরা অনায়াসে বিদ্যালয়ে প্রবেশ করতে পারে। শিক্ষার্থীরা সীমানাপ্রাচীর ও ফটক তৈরির পাশাপাশি পরিচালনা কমিটিকে আরও দায়িত্ববান হওয়ার কথা তখন বলেছিল। এ বছরের জরিপে ৩৮ শতাংশ ছাত্রছাত্রী মনে করে, বিদ্যালয়ে বখাটেরা প্রবেশ করে। বিদ্যালয়ে বখাটে ও অসাধু ব্যক্তিদের প্রবেশ কমার কারণ হিসেবে বলা হয়, ফটকের নিরাপত্তাব্যবস্থা জোরদার, পরিচালনা কমিটির সচেতনতা ও নজরদারির কারণে এই অগ্রগতি হয়েছে।জরিপের বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সামাজিক সচেতনতা বাড়ার কারণেই মূলত বখাটের উৎপাত কমেছে। অন্য বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক সচেতনতা তেমন বাড়েনি, প্রাতিষ্ঠানিক গণ্ডির মধ্যেই রয়ে গেছে। যেমন শিশুদের শারীরিক শাস্তি মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এ নিয়ে সচেতনতা তেমন বাড়েনি। আমার মতে, এসব বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’ জরিপের ফলাফল নিয়ে আজ রোববার ও আগামী মঙ্গলবার রাজধানীতে চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশন বসবে। এ বিষয়ে জানতে চাইলে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন শিক্ষামন্ত্রীকে দেওয়া হবে। অধিবেশনের স্পিকার শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, শিক্ষামন্ত্রীর কাছে এই জরিপ প্রতিবেদন দেওয়ার পাশাপাশি গতবারের অধিবেশনে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অগ্রগতি জানতে চাওয়া হবে।জরিপে দেখা যায়, গত এক বছরে গৃহশিক্ষকের কাছে পড়া বা কোচিংয়ে অংশ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ বছর ৮২ শতাংশ ছাত্রছাত্রী গৃহশিক্ষকের কাছে পড়ে বা কোচিংয়ে অংশ নেয় বলে জানিয়েছে। গত বছর ৭৬ শতাংশ ছাত্রছাত্রী এ কথা বলেছিল। জরিপে মন্তব্য করা হয়েছে, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় গুণগত শিক্ষা দিতে পারছে না এবং শিক্ষকদের প্রাইভেট-কোচিং-প্রীতি বেড়ে যাচ্ছে। গত বছরের জরিপে ৫৯ শতাংশ শিক্ষার্থী জানিয়েছিল জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের বিদ্যালয় পরিদর্শন করেন; এবার ৪৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছে কর্মকর্তারা পরিদর্শন করেছেন। অর্থাৎ কর্মকর্তাদের পরিদর্শনের হার আগের চেয়ে কমেছে বলে শিক্ষার্থীরা মনে করে। এতে প্রতীয়মান হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর সরকারি নজরদারি হ্রাস পাচ্ছে। বিনামূল্যের বোর্ডের বই পাওয়ার ক্ষেত্রে টাকা দেওয়ার ঘটনা কমেছে, তবে একেবারে বন্ধ হয়নি। গতবার ১০ শতাংশ শিক্ষার্থী জানিয়েছিল বই পেতে নগদ অর্থ দিতে হয়েছিল, এবার চার শতাংশ শিক্ষার্থী এই অভিযোগ করেছে।এ বছরের জরিপে ৭৭ শতাংশ শিক্ষার্থী বলেছে, ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেটসুবিধা বিদ্যালয়গুলোতে রয়েছে। টয়লেটের সংখ্যা যথেষ্ট হলেও মান ভালো না। বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ বেড়েছে বলেও শিক্ষার্থীরা মনে করে। মুঠোফোনের ব্যবহার কমেনি: গতবারের জরিপে শতকরা ৭৪ শতাংশ শিক্ষার্থী অভিযোগ করেছিল, শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষকেরা মুঠোফোনে কথা বলেন। শিক্ষকেরা ১০ থেকে ১৫ মিনিট পর্যন্তও কথা বলেন। এবার ৭৫ শতাংশ শিক্ষার্থী একই অভিযোগ করেছে। মুঠোফোনে শিক্ষকদের কথা বলাকে শিক্ষার্থীরা পছন্দ করে না। তারা বলেছে, সতর্ক করলে শিক্ষকদের এই আচরণের উন্নতি হবে। বিষয়টি নজরদারি করার পরামর্শ দিয়েছে তারা। জন্মনিবন্ধনের চিত্র: জরিপের সময় ৮৭ শতাংশ ছাত্রছাত্রী জানিয়েছে, তাদের জন্ম নিবন্ধন হয়েছে। আট শতাংশ ছাত্রছাত্রীর জন্মনিবন্ধন এখনো সম্পন্ন হয়নি। বাকিরা বলেছে, এ বিষয়ে তারা কিছু জানে না। জন্ম নিবন্ধন হয়েছে—এমন শিক্ষার্থীদের সাত শতাংশ জানিয়েছে, তাদের দুইবার জন্ম নিবন্ধন করতে হয়েছে। ভুল হওয়া, নবজাতকের নামের সমস্যা, সনদ হরিয়ে যাওয়া—এসব কারণে একাধিকবার জন্ম নিবন্ধন করতে হয়। ২০ শতাংশ ছাত্রছাত্রী অভিযোগ করেছে, জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে তাদের পরিবারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তিকে টাকা দিতে হয়েছে। ১২ শতাংশ শিক্ষার্থী বলেছে, জন্মনিবন্ধন সনদে উল্লিখিত ও প্রকৃত বয়স এক নয়। সাধারণ মানুষের মধ্যে জন্মনিবন্ধনের অবস্থা জানার জন্য চাইল্ড পার্লামেন্ট দেশের ১০টি এলাকার এক হাজার ১৬৬টি খানার তথ্য সংগ্রহ করে। এতে ৫৭ দশমিক ১ শতাংশ ব্যক্তি জানিয়েছে, তাদের জন্ম নিবন্ধন হয়েছে।