বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় ছুটি দিয়ে আজ শনিবার দিনভর বউভাত অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাংসদসহ প্রায় তিন হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়। স্থানীয় এক সাংবাদিকের বউভাত ও বিয়ের অনুষ্ঠান করতে ১০ দিন ধরে (৭ জুন থেকে) ওই বিদ্যালয়ে বিশাল আকারের প্যান্ডেল তৈরির প্রস্তুতি নেওয়া হয়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।আজ শনিবার সরেজমিনে ওই বিদ্যালয় পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় সাংসদ এ অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘নয়াদিগন্ত’ পত্রিকার নবীনগর সংবাদদাতা সাইদুল আলমের বিয়ে উপলক্ষে ওই বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল আকারের গেট ও প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনার জন্য কয়েক দিন ধরে আমাদের অভিভাবকদের কাছে নানাভাবে জবাবদিহি করতে হয়েছে। তবে এর অনুমতি কীভাবে দেওয়া হলো, আমি জানি না। তবে কাজটি খুবই জঘন্য হয়েছে।’ নবীনগর প্রেসক্লাবের সভাপতি এবং ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু কামাল খন্দকারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা বলেন, ‘বিষয়টি এত বড় আকার ধারণ করবে, আমরা প্রথমে বুঝিনি। তবে বিদ্যালয়ে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন স্কুলের সভাপতি ও সাংসদ। এখানে আমাদের কিছুই করার ছিল না।’ মহাজোটের স্থানীয় সাংসদ (জাসদ-ইনু) শাহ জিকরুল আহমেদ মুঠোফোনে বলেন, ‘একজন সাংবাদিকের বিয়ে। তাই সামাজিক অনুষ্ঠান বলে আমি এ অনুষ্ঠানের অনুমতি দিয়েছি।’ ১০ দিন বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া ঠিক হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি দিয়েছি। তবে ঠিক হয়েছে কি না, সেটি পরে দেখা যাবে।’ সাংবাদিক সাইদুল আলম বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছি।’ অনুষ্ঠানে অতিথির সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘দুই হাজারের ওপর লোক দাওয়াত দেওয়া হয়েছে।’