বিদ্যালয়ে শারীরিক মানসিক শাস্তি অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতন করাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে কয়েক দফা নির্দেশনাসহ এই রায় দেন।রায়ের অভিমতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি শিশুদের অমানবিক ও অপমানকর আচরণ থেকে মুক্ত থাকার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। বিশেষ করে তা সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৫(৫) অনুচ্ছেদ ও মানবাধিকারের পরিপন্থী। রিট আবেদনে উল্লেখ করা ঘটনাগুলো তুলে ধরে আদালত পর্যবেক্ষণে বলেন, এরই মধ্যে ঘটে যাওয়া ‘১০ বছরের শিশুর আত্মহত্যা’সহ ১৪টি ঘটনার যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে।গত ১৫ জুলাই প্রথম আলোয় ‘মা আমাকে বাঁচাও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্কুলে শাস্তি প্রদানের কারণে ১০ বছরের ছাত্র বিষপানে আত্মহত্যা করে। শিক্ষার্থীদের অমানবিক শাস্তি দেওয়ার এমন ১৩টি ঘটনা তুলে ধরে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রিট আবেদনটি করে। এতে প্রহার, বেত্রাঘাতসহ সব শাস্তি মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত ১৮ জুলাই রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতন কেন অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এর মধ্যে ঘটে যাওয়া আরও তিনটি ঘটনা আদালতের দৃষ্টিতে আনেন রিট আবেদনকারীর পক্ষ। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেওয়া হয়।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী তৌফিকুল ইসলাম, অবন্তী নুরুল ও মাহজাবীন রব্বানী। সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।সারা হোসেন বলেন, রায়ের মাধ্যমে স্কুল, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নির্যাতনমুক্ত হওয়ার মৌলিক অধিকার স্বীকৃতি পেল। এই রায়ের মাধ্যমে তারা কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ পেল।আদালতের নির্দেশনা: শারীরিক শাস্তি নিষিদ্ধ করে শিশুদের শৃঙ্খলার স্বার্থে কী ধরনের শাস্তি প্রদান করা যেতে পারে তা সুনির্দিষ্ট করা ও প্রয়োজনীয় সংশোধনী এনে তৈরি করা নীতিমালা (গাউডলাইন) চূড়ান্ত করে তা বিতরণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি প্রদানকে সরকারি চাকরি শৃঙ্খলা ও আপিল বিধি, ১৯৮৫-এর আওতায় ‘অসদাচরণ’ হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের বেত্রাঘাত করা, আটকে রাখা, প্রহার করা, শিকল দিয়ে আটকে রাখাসহ এ-জাতীয় শাস্তিগুলো অসদাচরণ হিসেবে গণ্য হবে। স্কুল ও মাদ্রাসা পরিদর্শনের মধ্যে সব ধরনের শারীরিক শাস্তি, এ-সংক্রান্ত অভিযোগ, তদন্ত এবং দোষী ব্যক্তিদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি এ ধরনের পরিদর্শনের ঘটনা গোপন রাখা ও ভিকটিমের (নির্যাতিত) নিরাপত্তার নিশ্চিত করতে হবে।এসব নির্দেশনা সুষ্ঠুভাবে পালন হচ্ছে কি না, তা তদারক করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে একটি জাতীয় কমিশন বা কমিটি গঠন করতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের অধীনে একটি পর্যবেক্ষণ (মনিটরিং) কমিটি গঠন করতে হবে। জাতীয় মনিটরিং কমিটিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ছয় মাস পর পর সে-সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে পেশ করতে হবে। এ বিষয়ে গবেষণার জন্য নিরপেক্ষ কমিশনার নিয়োগ দিতে হবে।