বিদ্যালয়ে শ্রেণীকক্ষে সাংসদ রনির দলীয় কার্যালয়
ক্ষমতাসীন আওয়ামী লীগের বিতর্কে জড়িয়ে পড়া সাংসদ গোলাম মাওলা রনির ক্ষমতা ও প্রভাব খাটিয়ে পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই কক্ষ উপজেলা আওয়ামী লীগের (রনি-সমর্থিত অংশ) কার্যালয় হিসেবে ভাড়া নিয়ে সেখানে তিন বছর ধরে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সাংসদের অনুসারী নেতা-কর্মীরা। আড়াই বছর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রেণীকক্ষটি ছেড়ে দেওয়ার নোটিশ দিলেও দখল ছাড়া হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জানান, বিদ্যালয়ে প্রবেশপথের বাঁ দিকের ওই কক্ষ ব্যবহারের জন্য ভাড়া চেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মো. সহিদুল আলম (দুজনই সাংসদ-সমর্থিত অংশের নেতা) লিখিত আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৯ আগস্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মাসিক চার হাজার টাকায় কক্ষটি ভাড়া দেওয়া হয়। পরিচালনা পর্ষদের সদস্য মো. নাসির উদ্দিন বলেন, সাংসদ তাঁর বসার জন্য একটি কার্যালয় স্থাপনে ওই কক্ষ ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে তাঁর অনুসারীরা সেখানে দলীয় কার্যালয় স্থাপন করেন। ওই সময় সাংসদের চাপে পড়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রধান শিক্ষক বলেন, কক্ষটি ভাড়া নেওয়ার সময় শর্ত অনুযায়ী অগ্রিম এক লাখ টাকা পরিশোধ করা হলেও তিন বছরে আর কোনো ভাড়া পাওয়া যায়নি। শ্রেণীকক্ষ রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হলো কেন—এমন প্রশ্নের জবাবে পরিচালনা পর্ষদের সদস্য মো. খসরু মিয়া বলেন, কক্ষটি আগে উত্তরা ব্যাংকের শাখা কার্যালয়ের জন্য ভাড়া দেওয়া ছিল। এরই ধারাবাহিকতায় পরে রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ভাড়া দেওয়া হয়। তবে কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, ২০১০ সালে কক্ষটি ভাড়া দেওয়ার দুই সপ্তাহ আগেও সেখানে ক্লাস হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (আওয়ামী লীগের মূল অংশের) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, শ্রেণীকক্ষে রাজনৈতিক দলের কার্যালয় স্থাপন অযৌক্তিক। কার্যালয়টি অপসারণে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে অধিদপ্তরের সহকারী পরিচালক (মা-২) সাখায়েত হোসেন বিশ্বাস ২০১১ সালের ১ ফেব্রুয়ারি এক চিঠিতে পরিচালনা পর্ষদের সভাপতি এবং প্রধান শিক্ষককে সেটি অপসারণের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ওই বছরের ২৬ ফেব্রুয়ারি কক্ষটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রধান শিক্ষক নোটিশ দেন। নোটিশে তাঁরা প্রাপ্তির স্বাক্ষরও দেন। প্রধান শিক্ষক বলেন, নোটিশের পর আড়াই বছর কেটে গেলেও দখল ছাড়া হয়নি। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল আলম বলেন, ‘পরিচালনা পর্ষদের সম্মতিতেই কক্ষটি ভাড়া নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো শর্ত ভাঙা হয়নি। আর কক্ষটি ছেড়ে দেওয়ার কোনো নোটিশও এ পর্যন্ত আমরা পাইনি।’ বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিমের সঙ্গে তাঁর অসুস্থতাজনিত কারণে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।