বিদ্যালয়ে স্কার্ট নিষিদ্ধ করার দাবি বিজেপি বিধায়কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে মেয়েদের পোশাক হিসেবে স্কার্ট নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য বিধানসভার একজন সদস্য। তাঁর কথায়, পুরুষের ‘লোলুপ দৃষ্টি’ থেকে মেয়েদের রক্ষা করতেই তিনি এ দাবি জানিয়েছেন।‘দ্য হিন্দু’র এক খবরে বলা হয়, রাজস্থান থেকে নির্বাচিত আলওয়ার (নগর) বিধায়ক বানওয়ারি লাল সিংহল ওই দাবি তুলে রাজ্যের মুখ্য সচিব সি কে ম্যাথিউয়ের কাছে একটি চিঠি লিখেছেন। এতে তিনি দাবি করেন, স্কার্টের পরিবর্তে প্যান্ট (ট্রাউজার) কিংবা সালোয়ার-কামিজের ব্যবস্থা করা উচিত।সিংহল বলেন, ‘পুরুষের লোলুপ দৃষ্টি থেকে স্কুলছাত্রীদের রক্ষা করা এবং শীত ও গরমকালে তাদের আরামের ব্যবস্থা করাই এ দাবির লক্ষ্য।’ তিনি বলেন, ‘এটি তালেবান ভাবধারার কোনো চিন্তা কিংবা মেয়েদের স্বাধীনতা ও অধিকারের ওপর চাপিয়ে দেওয়ার মতো কিছু নয়। তাদের নিরাপত্তার খাতিরেই এটি করা উচিত।’সিংহল আরও বলেন, ‘আমি নিজেই বেশ কজন বালককে হাতেনাতে ধরেছি, যারা নিজেদের মুঠোফোনে স্কুলের মেয়েদের ছবি তাদের (মেয়েদের) অজ্ঞাতসারে তুলছিল। এসব ছবির অপব্যবহার করা হতে পারে।’