বিদ্যালয়ের জায়গায় দোকান শিক্ষার্থীদের খেলার মাঠ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীগঞ্জ উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ভাড়া দিয়ে সেখানে বসানো হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে সারাক্ষণ চলে চিত্কার চেঁচামেচি। ক্লাসরুমের ৫ থেকে ৬ গজ দূরে খেলার মাঠ দখল করে গড়ে উঠেছে এসব দোকান। অথচ শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা নেই। বরং বাইরে চায়ের দোকানে সময় কাটায় শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষক ও অভিভাবকেরা ক্ষুব্ধ হলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। সরেজমিন দেখা গেছে, মাত্র ৫০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রস্থ মাঠে চলছে প্রায় ৫০০ শিক্ষার্থীর খেলাধুলা আর ছোটাছুটি। মাঠের পূর্ব, উত্তর ও পশ্চিম পাশে স্কুলের ভবন তিনটি অবস্থিত। দক্ষিণ পাশে রয়েছে সারিবদ্ধ টিনশেডের ১১টি দোকান। স্কুলের দক্ষিণ পাশের একটি ক্লাসরুমকে আড়াল করে দুই পাশে দুটি দোকান গড়ে উঠেছে। এই দোকান দুটির কারণে একটি রুম সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে। ওই দোকানের সারিতে দক্ষিণ পাশের রাস্তার ধার দিয়ে গড়ে উঠেছে বাকি দোকানগুলো। এসব দোকানের মধ্যে চায়ের দোকান, মিষ্টির দোকানও রয়েছে। স্কুলের ক্লাসরুমের সঙ্গেই রয়েছে চায়ের দোকান, যেখানে টেলিভিশন ও ভিসিডি চলছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক চা দোকানি জানান, তাঁরা স্কুলের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে দোকান করেছেন। মাসে ১১০ টাকা করে স্কুল কর্তৃপক্ষকে দিয়ে থাকেন। অপর এক দোকানি জানান, দোকান বসানোর সময়ও তাঁদের অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এখন তাঁরা জায়গা ছাড়বেন না। স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘৩৩ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এই জমির ওপরই রয়েছে স্কুলের তিনটি ভবন। স্কুলে শিক্ষার্থী রয়েছে পাঁচ শতাধিক। স্কুল পরিচালনা কমিটির অনুমোদনে এ দোকানগুলো গড়ে উঠেছে। দোকান বসানোর কারণে স্কুলের জায়গার কিছুটা সমস্যা হচ্ছে। কষ্ট করেই শিক্ষার্থীদের অ্যাসেম্বিলি করাতে হয়। আর দোকান ভাড়ার টাকায় স্কুলের উন্নয়নে ছোট ছোট কাজ করা হয়ে থাকে। তবে স্কুলের খাতায় এর হিসাব নেই। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা এস এম আব্দুর রহমান বলেন, সরকারি স্কুলের জায়গা ভাড়া দিয়ে দোকান বসানো বেআইনি। যাঁরা এটা করেছেন, তাঁরা প্রশাসনিক অনুমতি না নিয়েই করেছেন। স্কুলের জায়গায় দোকান অবশ্যই শিক্ষার পরিবেশ নষ্ট করে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।