বিদ্যালয়ের প্রধানদের বিরুদ্ধে দুই শিক্ষকের প্রতারণা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক ‘চাকরি আছে, বেতন নেই’—এ অবস্থায় এতদিন ক্লাস করলেও ১৩ জানুয়ারি থেকে তাঁরা ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন। এ দুই শিক্ষকের নাম জয়দেব কুমার সাহা ও আবুল কালাম আজাদ। ৬ জানুয়ারি এই দুই শিক্ষক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হাসেম আলী, প্রধান শিক্ষক আবুল কাশেম ও পরিচালনা কমিটির অভিভাবক সদস্য গোলাম মোস্তফার বিরুদ্ধে মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিজানুর রহমানের আদালতে মামলা করেছেন। আদালত মামলার তিন আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।দুই শিক্ষক মামলার আরজিতে উল্লেখ করেন, ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞাপন দেখে আবেদন করে তাঁরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা শেষে স্কুলের প্রধান শিক্ষক তাঁর অফিসকক্ষে দুই শিক্ষককে ডেকে পাঠান। এ সময় প্রধান শিক্ষক স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যের উপস্থিতিতে জানান, তাঁরা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তাদের চাকরি ও বেতন নিয়মিতকরণের জন্য এক লাখ ৫৪ হাজার টাকা দিতে হবে। চাকরির স্বার্থে তাঁরা দুজন তিন লাখ আট হাজার টাকা দেন। চাকরির বিনিময়ে টাকা নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তাঁদের লিখিত কাগজও দিয়েছে। এরপর ২৬ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষ সহকারী শিক্ষক হিসেবে তাঁদের দুজনকে নিয়োগপত্র দেয়। সেই থেকে তাঁরা স্কুলে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তাঁদের চাকরি আছে ঠিকই, কিন্তু বেতন নেই।শিক্ষক জয়দেব কুমার সাহা ও আবুল কালাম আজাদ জানান, তাঁরা বেতন দাবি করলে ওই তিন আসামি বলেন, পদের চেয়ে স্কুলে বেশি শিক্ষক নিয়োগ দেওয়ায় তাঁদের দুজনের নিয়োগ এমপিওভুক্ত করা জটিল হয়ে পড়েছে। তাঁরা বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসেম আলী বলেন, এসব চাকরিতে টাকা লাগে, এটা নতুন নয়। এমপিওভুক্ত হতে তাঁদের টাকা সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। এখন এমপিও না হলে আমাদের কিছুই করার নেই।প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, স্কুল উন্নয়ন ও চাকরির জন্য শিক্ষকদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি। বেতন না পাওয়া দুই শিক্ষকের বেতন নিয়মিতকরণের আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। উপরন্তু স্কুলের শৃঙ্খলা ভঙ্গসহ ছাত্র-শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ৪ জানুয়ারি ওই দুই শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।’ একই ধরনের কথা বলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য গোলাম মোস্তফা।এ ব্যাপারে ওই দুই শিক্ষক জানান, কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করায় ক্ষুব্ধ হয়ে তাঁদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।