বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের আবাসন প্লট!
চট্টগ্রামের চাক্তাই এলাকার খেলার মাঠকে প্লট করে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত সপ্তাহে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই মাঠকে প্লট করে বিক্রির কথাও জানানো হয়। সিটি করপোরেশনের এই উদ্যোগের প্রতিবাদে প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছে এলাকাবাসী। তারা বলছে, এটি ওই এলাকার সাতটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একমাত্র খেলার মাঠ। এতে প্লট করা হলে তাদের আর কোনো খেলার মাঠ থাকবে না। এলাকাবাসী জানায়, পুরো দক্ষিণ বাকলিয়ার কোথাও ফাঁকা জায়গা নেই। মাঠটি চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের হলেও বাকলিয়া ও আশপাশের সাতটি বিদ্যালয়ের প্রায় ছয় হাজার ছাত্রছাত্রী এখানে খেলাধুলা করে। এলাকার সামাজিক অনেক অনুষ্ঠানও এখানে হয়। চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ ও ভূমি রক্ষা কমিটির সদস্যসচিব শাহরিয়ার খালেদ বলেন, সিটি করপোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান। তারা প্রাতিষ্ঠানিক ভূমিদস্যুর ভূমিকায় অবতীর্ণ হলে এলাকায় আর উন্মুক্ত স্থান বলে কিছু থাকবে না। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত ইদ্রিস আলমের ছেলে ইফতেখার আলম বলেন, ‘আমরা বিদ্যালয় ও মাঠ সংরক্ষণের জন্যই তা সিটি করপোরেশনকে হস্তান্তর করেছি। এখন দেখি রক্ষকই উল্টো ভক্ষক সেজেছে।’ সিটি করপোরেশন ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে দক্ষিণ বাকলিয়ায় অবাঙালিদের ফেলে যাওয়া প্রায় আড়াই একর জমির একপাশে গড়ে ওঠে চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরচাক্তাই উচ্চবিদ্যালয়। ১৯৯৭ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন চরচাক্তাই উচ্চবিদ্যালয় ও মাঠ অধিগ্রহণ করে। এরপর মাঠের একপাশে আরবান প্রাইমারি হেলথ ক্লিনিক তৈরি করে। বাকি প্রায় দুই একর জায়গা খালি থাকে।ইতিমধ্যে মাঠের পুব পাশে ইউসেফ স্কুল এবং ব্র্যাক স্কুল গড়ে উঠেছে। এই চার বিদ্যালয়ের প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী নিয়মিত এই মাঠে খেলাধুলা করে। এ ছাড়া পাশের লামার বাজার সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়, বলুয়ার দীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় এবং জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতাও এখানে হয়।সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, তিন মাস আগে এ মাঠের একটি অংশে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য মাটি পরীক্ষা করা হয়। হঠাত্ সিদ্ধান্ত বদলে করপোরেশন ওই এলাকায় আবাসিক প্লট করে বিক্রির সিদ্ধান্ত নেয়। পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই এলাকায় বিভিন্ন আয়তনের ৩১টি প্লট করা হবে। এসব প্লটের প্রতিকাঠার দাম নির্ধারণ করা হয় ৩০ লাখ টাকা। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এসব প্লট বিক্রির কথা জানানো হয়। মাঠে প্লট তৈরির ব্যাপারে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত এস্টেট অফিসার ও ম্যাজিস্ট্রেট অনুপম সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিদ্যালয়ের মাঠ সংরক্ষণের অনুরোধ জানাতে গত রোববার রাতে বাকলিয়ার শতাধিক মানুষ মেয়র মহিউদ্দিনের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যায়। কিন্তু মেয়র তাদের সাক্ষাত্ দেননি। এ সময় সেখানে উপস্থিত বাকলিয়ার বাসিন্দা জাসদের শিল্প ও বাণিজ্য সম্পাদক তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মেয়রের সঙ্গে দেখা করার সময়সূচি পূর্বনির্ধারিত ছিল। কিন্তু তিনি সাক্ষাত্ না দিয়ে উল্টো আমাদের প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার করেন।’ তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির জন্যই এলাকার মানুষ আড়াই একর মাঠসহ বিদ্যালয়টি সিটি করপোরেশনকে দিয়েছিল, প্লট বাণিজ্য করার জন্য নয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও মাঠটি সংরক্ষণের দাবি জানিয়েছে। চরচাক্তাই সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা চৌধুরী বলল, ‘এ মাঠ না থাকলে আমরা খেলব কোথায়?’ গত জানুয়ারিতে অনুষ্ঠিত সিটি করপোরেশনের বিদ্যালয়গুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়াংকা ১০০ মিটারে প্রথম, দীর্ঘ লাফে দ্বিতীয় এবং গোলক নিক্ষেপে তৃতীয় হয়েছিল। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. মঞ্জুর হোসেন বলল, ‘শুনেছি মেয়র শিক্ষার জন্য অনেক কিছু করেছেন। আমাদের মাঠ রক্ষার জন্যও যেন কিছু করেন।’