বিদ্যালয়ের মাঠে হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কুল ছুটি হলে রাস্তায় ওঠার জায়গা পাওয়া যায় না। পুরো মাঠে হাট বসে। টিফিনের সময় একটু খেলাধুলা করতে চাইলেও পারি না। দুপুর থেকেই হাট বসা শুরু হয়।’ কথাগুলো বলছিল রংপুর জেলার কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান।রংপুর জেলার কাউনিয়া উপজেলার তকিপল বাজারের পাশেই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয় এবং সঙ্গে লাগোয়া কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মাত্র মাঠ। এই মাঠে সপ্তাহের তিন দিন—শনি, সোম ও বৃহস্পতিবার গোটা মাঠেই বসে হাট। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সামনেই বাঁশ, হাঁস-মুরগি ছাড়াও পুরো মাঠে খড়, বাঁশের চাটাই, বাঁশের তৈরি ঘর-গৃহস্থালির সরঞ্জামাদির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তিস্তার চর থেকে খড় বিক্রির জন্য এসেছেন জাহাঙ্গীর আলম। তিনি বললেন, ‘বহুদিন ধরি এই মাঠোত হাট বসি আসতোছে। আর হামরা মালামাল নিয়া এই হাটোত বসতোছি কার কিছু কয় না।’সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আরেফিন বলে, ‘আমাদের ক্লাসের সামনেই বাঁশের হাট বসে। খেলাধুলা তো দূরের কথা, চলাচলেও ঝুঁকি থাকে।’ মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন নাহার বলেছে, ‘টিফিনের ফাঁকে আমরা খেলতে পারি না।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রী বলেছে, ‘মাঠজুড়ে হাট বসায় মানুষের অনেক কোলাহল থাকে। আমাদের চলাচলে অনেক অসুবিধা হয়। লাজ-লজ্জায় টিফিনের সময় ক্লাসেই বসে থাকতে হয়।’ এ রকম করে আরও অনেক শিক্ষার্থী নানা অভিযোগ তুলে ধরেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম বলেন, কোমলমতি ছেলেমেয়েদের এমন পরিবেশে পাঠদান করা বেশ কষ্টকর হয়ে ওঠে।মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদকে অবহিত করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।বিদ্যালয়ের মাঠে হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, এই তকিপল বাজার ও হাটটিকে স্থান-সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের মাঠে লোকজন বসে পড়ে। সেখানে হাটের কার্যক্রম না করার জন্য উদ্যোগ নেওয়া হলেও মানুষের চাপে তা রক্ষা করা সম্ভব হয়নি।এলাকার সাংসদ টিপু মুনশি বলেন, বিষয়টি গুরুত্ব্ব সহকারে দেখা হচ্ছে। হাটের জন্য বিকল্প জায়াগা পাওয়া গেলে এ অবস্থা আর থাকবে না।