বিদ্যুতে স্বনির্ভর বুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। অথচ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নাকি লোডশেডিং ডুমুরের ফুল। বুয়েটের শিক্ষার্থীদের হল, শিক্ষক-কর্মচারী কোয়ার্টারেও কী দিন কী রাত, কখনোই লোডশেডিং হয় না। কারণ নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপন্ন করে বুয়েট।বুয়েট কর্মচারী কল্যাণ ক্লাবের সভাপতি নাসির আহমেদ বললেন, ‘বুয়েটে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) বিদ্যুৎ সরবরাহ করে মাত্র আট ঘণ্টা। বাকি ১৬ ঘণ্টা বুয়েটের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয় এখানকার ক্যাম্পাস, হল ও কোয়ার্টারগুলোয়। এ জন্য লোডশেডিংয়ের ভোগান্তি থেকে আমরা মুক্ত।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একসময় বুয়েটে লোডশেডিং এত বেশি ছিল যে এখানকার শ্রেণী পাঠদান, ব্যবহারিক পাঠ ও পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি হতে থাকে। নয় বছর আগে লোডশেডিংয়ের খপ্পরে পড়ে বুয়েটের ভর্তি পরীক্ষা বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তখনই নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র তৈরির উদ্যোগ নেয় বুয়েট কর্তৃপক্ষ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষকদের কারিগরি সহায়তায় বিদ্যুৎকেন্দ্র বসানোর কাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০২ সালের ৩ ফেব্রুয়ারি। তবে কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয় আরও বছরখানেক পরে। গ্যাসচালিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে বছর সাতেক ধরে।বুয়েটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ) জাহাঙ্গীর আলম জানান, তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা চার মেগাওয়াট। তবে এখন সর্বোচ্চ চাহিদা পাওয়া গেছে দুই মেগাওয়াট। এই গরমে তাদের উৎপাদন করতে হচ্ছে দেড় থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ। আর শীতকালে উৎপাদন করতে হয় এক থেকে দেড় মেগাওয়াটের মধ্যে। এই কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত। বাকি সময় বুয়েটের ক্যাম্পাস, হল ও কোয়ার্টারে বিদ্যুৎ সরবরাহ করে ডিপিডিসি।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটি বুয়েটের অর্থও সাশ্রয় করছে বলে জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ডিপিডিসি থেকে প্রতিদিন আট ঘণ্টা বিদ্যুৎসেবা নিয়ে তাদের বিল দিতে হচ্ছে মাসে ছয় থেকে সাত লাখ টাকা। আর দিনে ১৬ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে মাসে তাদের গ্যাস বিল হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। এ ক্ষেত্রে শুধু গ্যাস বিল হিসাব করলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে বুয়েটের খরচ হচ্ছে দেড় টাকা। আর ডিপিডিসি প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বিল নেয় গড়ে চার টাকা ১৭ পয়সা। গ্যাস বিল ছাড়াও যন্ত্রপাতির দাম, এগুলোর রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের বেতনের খরচ যুক্ত করলেও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমটি অনেকটাই সাশ্রয়ী। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি থাকার আরও একটি সুবিধা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের ব্যবহারিক জ্ঞান নিতে পারছেন বুয়েটের তড়িৎ ও মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থীরা।পলাশী এলাকায় বুয়েটের নতুন একাডেমিক ভবনের পাশেই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটির অবস্থান। সেখানে কেন্দ্রের দোতলায় শিক্ষার্থীদের জন্য একটি কক্ষ রাখা হয়েছে। যেখান থেকে কাচঘেরা জানালা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত সব যন্ত্রপাতি দেখা যায়। তবে তাদের কানে যাতে সেখান থেকে কোনো শব্দ আসতে না পারে, সে জন্য জানালায় সাঁটা আছে দুই পাল্লা কাচ। বিদ্যুৎকেন্দ্রের অফিসের বাইরে যন্ত্রপাতি চলার শব্দ কানে আসে না। এ বিষয়ে বুয়েটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মীরা জানান, পরিবেশ দূষণ যাতে না হয় সেদিকে লক্ষ রেখে এটি নির্মাণ করা হয়েছে। শব্দদূষণ প্রতিরোধে কেন্দ্রের ভবনটির দেয়ালের পুরুত্ব চার গুণ করা হয়েছে। আবার ধোঁয়ার দূষণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।