বিদ্যুতের অপচয় রোধে তিন ক্লাবের প্রতি আদালতের নির্দেশ
রাজধানীর ঢাকা, উত্তরা ও অফিসার্স ক্লাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত ফ্লাডলাইট জ্বালিয়ে তিন মাস খেলাধুলা করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালককে এ আদেশ বাস্তবায়নের বিষয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রতি মাসে প্রতিবেদন দিয়ে এর অগ্রগতিও জানাতে বলা হয়েছে।এ ছাড়া আইনানুযায়ী বিদ্যুতের অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, ডেসকো ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাব তিনটির প্রেসিডেন্টকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।বিদুতের অপচয় রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ হাইকোর্টে রিটটি দায়ের করেন। আদালতে বাদীপক্ষে ছিলেন মনজিল মোরশেদ ও সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, তিনটি ক্লাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত খেলাধুলা করার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তবে ক্লাব কর্তৃপক্ষ নিজস্ব জেনারেটর বা বিদ্যুৎ ব্যবহার করে খেলাধুলা করতে পারবে।শুনানিতে মনজিল মোরশেদ বলেন, প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিদ্যুত্সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া, চিকিত্সাসেবাসহ জরুরি কাজ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় ফ্লাডলাইট জ্বালিয়ে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে খেলাধুলা করা বিদ্যুতের অপচয় ছাড়া কিছুই নয়।