বিদ্যুতের অপেক্ষায় তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিন বচর ধর্যা দিন গুণিচ্চি। এই কারেন্ট আসিচ্চে, কারেন্ট আসিচ্চে। কিন্তুক কারেন্টের কুনো খবর নাই। খালি খালি সরকারে ট্যাকা খরচ কর্র‌্যা খুঁটি পুঁতিছে। আর হামাকেরে বাড়ি বাড়ি কারেন্টের কাম করাচে।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপার আঁচলাই গ্রামের গৃহবধূ রাহেলা বেগম (৩৮) ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন।গ্রামবাসী জানান, তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতি তিন বছর আগে এ গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য খুঁটি স্থাপন করে। গ্রামের ১৬২ বাড়ি ও আটটি সেচযন্ত্রে সংযোগ দেওয়ার কথা। এজন্য নিয়ম অনুযায়ী গ্রাহকেরা জামানত হিসেবে অনেক টাকাও জমা দেন। কিন্তু আজও তাঁরা বিদ্যুৎ পাননি। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে খোঁজ নিতে গেলে তাঁদের এই হবে, হচ্ছে, বলে আশ্বাস দিয়ে বিদায় করা হয়। গ্রামের ছাত্র এনামুল হক বলেন, ‘বিদ্যুৎ যদি না-ই দেবে তাহলে আমাদের এত টাকা খরচ করানো হলো কেন? ঘরে মাথার ওপর বিদ্যুতের বাল্ব ঝুলছে, কিন্তু জ্বলে না। এ যে কী যন্ত্রণা—বলে বোঝানো যাবে না।’বিদ্যুতের ওপর নির্ভর করে তিন বছর আগে মাঠে সেচযন্ত্র বসানোর জন্য শ্যালোমেশিন কিনেছেন জুলফিকার আলী (৪০)। তিনি বলেন, ‘কারেন্ট আসার কথা শুন্যা শ্যালোমেশিন কিন্য ঠেক্যা গেচি। আশাত আচি কদ্দিন কারেন্ট আসপি আর হামি লিজের শ্যালো দিয়া জমিত স্যাচ দিমো।’গ্রামের মুন্না চৌধুরী জানান, এ এলাকার মাটি বেলে বা বেলে-দোআঁশ। ফলে বোরো মৌসুমে ধানের জমিতে প্রতিদিন পানি দিতে হয়। ডিজেল দিয়ে সেচযন্ত্র চালিয়ে পানি দিতে অনেক খরচ পড়ে। শুধু বিদ্যুৎ না থাকায় ফসল উৎপদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে গ্রামের দেড় হাজার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।গ্রামের আজিজার রহমান (৫০) বলেন, ‘পুতিদিন বাড়ি হতে ব্যার হলিই চোখেত পড়ে কারেন্টের খুঁটিগুলান। তিন বচর ধর্যা ইঙ্কা দেখ্যা আসতিচি। কারেন্টের আশাত ম্যালা ট্যাকা খরচ কর্র‌্যা ঘরোত অয়ারিং করে বাতি লাগে লিচি। কিন্তুক কারেন্টের আলো আজও জ্বলেনি ঘরোত।’গৃহবধূ স্বপ্না বেগম (২৫) বলেন, সন্ধ্যার পর আন্দারে চারপাশ ঢ্যাকা যায়। কারেন্ট আসপার কথা শুনিচ্চি কদ্দিন থ্যাকা। কিন্তুক একনো চোকে দেখনু না।’গ্রামের ব্যবসায়ী আলতাব হোসেন (৫৫) বলেন, আশপাশের খামারপাড়া, মালাহার, পারটেপাগাড়ী, মুরাদপুর গ্রামে বিদ্যুৎ আছে, শুধু এ গ্রামেই নেই।মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক শওকত আলী বলেন, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ওই গ্রামে বিদ্যুৎ সংযোগের অসমাপ্ত কাজ সমাপ্ত করা সম্ভব হচ্ছে না। তবে যেন দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় তার চেষ্টা চলছে।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বরাদ্দের অভাবে সংযোগ দিতে পারছে না। তবে তিনি চেষ্টা করবেন, যেন দ্রুত ওই গ্রামবাসী বিদ্যুতের সংযোগ পান।