সিরাজগঞ্জের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কওমী জুটমিল পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় মিলটি পুনরায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।কওমী জুটমিল সূত্র জানায়, চলতি মাসের প্রথম দিকে মিলটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। মিলটি চালুর লক্ষ্যে অস্থায়ীভাবে দৈনিক ৯০০ শ্রমিককে অন্তর্ভুক্ত করা হয়। ইতিমধ্যেই বিজেএমসি প্রাথমিকভাবে ২৫ হাজার মণ পাট সরবরাহ করেছে। মোট ৫৩২টি তাঁতের মধ্যে প্রাথমিকভাবে ২০০ তাঁত চালু করা হয়েছে। তবে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চার থেকে পাঁচবার লোডশেডিং হওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুরুতেই এ অবস্থার শিকার হওয়ায় মিলটি পুনরায় লোকসানমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মিলের শ্রমিক সফিকুল ও আনসব আলী জানান, একবার বিদ্যুৎ চলে গেলে এক ঘণ্টার আগে আসে না। ঘণ্টা খানেকের মধ্যে আবার চলে যায়। ফলে দিনের মধ্যে মিল চার থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে। বর্তমানে সারা দিনে ৩৫ বেল পাটজাত দ্রব্য উৎপাদিত হচ্ছে। যদি বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকত, তাহলে ৫০ বেল পর্যন্ত উৎপাদিত হতো বলে সফিকুল ও আনসব আলী জানান।মিলের সার্বিক হিসাবরক্ষকের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আগে উৎপাদনে ঘাটতি হওয়ায় মিলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাট মন্ত্রণালয় থেকে ৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে দেড় কোটি টাকা পাওয়ায় মিলটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না পাওয়ার জন্য উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে মিলটির দশা আগের মতো হতে পারে।সিরাজগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক জানান, জেলাটিতে বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ছয় মেগাওয়াট। ফলে পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বেশি পেলে লোডশেডিং কমবে।মিলের প্রকল্প পরিচালক মো. নূরুল ইসলাম ঘন ঘন লোডশেডিংয়ে মিলের সার্বিক কাজে বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেন।