বিদ্যুতের আলো না থাকলেও শিক্ষার আলো পড়েছে লক্ষ্মীকোলা গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচবিবি উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে আওলাই ইউনিয়নের পূর্বাংশের শেষ প্রান্তে হারামতি নদীর তীরে অবস্থিত লক্ষ্মীকোলা গ্রাম। এ গ্রামের পূর্ব-উত্তরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণে গাইবান্ধা জেলা। গ্রামটি আদিবাসী অধ্যুষিত। গ্রামে মোট ৫৩টি পরিবার বসবাস করে। এদের মধ্যে আদিবাসী ৪৪টি পরিবার, মুসলিম পরিবার নয়টি। গ্রামের মোট জনসংখ্যা ২৬৪ জন। এদের মধ্যে আদিবাসী ২৩০ জন, মুসলমান ৩৪ জন, ভোটার সংখ্যা ১৭৭ জন। লক্ষ্মীকোলা গ্রামে বসবাসরত আদিবাসীদের কেউ নিরক্ষর নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ুয়া তিনজন ছাত্রসহ বিএ পাস রয়েছেন নয়জন। বর্তমানে স্নাতক পড়ুয়া ছাত্রছাত্রী চারজন, এইচএসসি পাস পাঁচজন, ঢাকা নটর ডেমসহ বিভিন্ন কলেজে এইচএসসিতে পড়ুয়া ছাত্রছাত্রী আটজন। এসএসসি পাস ১৬ জন। এর মধ্যে মুসলিম তিনজন। আজও কেরোসিনের কুপি জ্বালিয়ে লেখাপড়া করে এ গ্রামের ছেলেমেয়েরা।আওলাই ইউনিয়নে একই গ্রামে এত সংখ্যক গ্রাজুয়েট আর কোনো গ্রামে নেই বলে জানালেন আওলাই ইউপি চেয়ারম্যান লুত্ফর রহমান। এই গ্রামে আদিবাসীদের মধ্যে রয়েছেন চারজন ফাদার বা পাদ্রি। যাঁরা ডিগ্রি পাস করার পর ছয় বছরের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা এই উপাধি পেয়েছেন। এঁদের মধ্যে একজন ধর্মযাজক হিসেবে ইতালিতে ও অন্যরা দেশে বসবাস করছেন।গ্রামের সবাই কৃষিজীবী। আদিবাসীদের এ গ্রামে ২০ বিঘা জমির মালিক রয়েছেন মাত্র একজন। দুই থেকে পাঁচ বিঘা জমির মালিক রয়েছেন সাতজন। বাকিদের কেউ বর্গাচাষি আবার কেউ দিনমজুর। গ্রামজুড়ে পানীয় জলের ব্যবস্থা হিসেবে ২৪টি টিউবওয়েল ও ১২টি পরিবারে রয়েছে পায়খানা। গ্রামে কোনো সরকারি স্কুল নেই। শিক্ষাপ্রতিষ্ঠান বলতে আছে কারিতাস পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাওয়ার কারণ হিসেবে লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা কারিতাস বিদ্যালয়ের শিক্ষক গ্রামবাসী লাজারুস তিগ্যা ও ফিলিপস মিঞ্জি বলেন, ‘ধর্মান্তরিত হওয়ায় আমরা শিক্ষায় এতটা এগিয়েছি।’লক্ষ্মীকোলা গ্রামের লোকজন বলেন, ‘আমাদের বাপ-দাদারা ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টধর্ম (রোমান ক্যাথলিক) গ্রহণ করেন। আমরা ধর্মান্তরিত হলেও আদিবাসীদের সংস্কৃতি আমরা এখনো ভুলিনি। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান এখনো পালন করে থাকি। অন্যান্য ধর্মাবলম্বী লোকদের সঙ্গে আমাদের সৌহার্দ্যতা আছে। তাদের সঙ্গে আমরা শান্তিতে সহাবস্থান করছি। আমাদের গ্রামে চুরি ডাকাতি হয় না।’ সমস্যার কথা বলতে তাঁরা জানালেন, গ্রামের রাস্তা কাঁচা, বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ছেলেমেয়েরা পড়াশোনার জন্য স্কুল-কলেজে সমস্যায় পড়ে। গ্রামে আজও বিদ্যুত্ পৌঁছায়নি। জ্বালানি তেল দিয়ে এলাকার কৃষকেরা সেচ যন্ত্র চালায়। বিদ্যুত্ না থাকার কারণে এলাকায় কৃষি কাজে দারুণ ব্যাঘাত ঘটে।