বিদ্যুতের উন্নতি হলে বিনিয়োগ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নের মূলে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। এ দুইয়ের উন্নতি হলেই বিনিয়োগ বাড়বে। আর বিনিয়োগ বাড়লে স্বাভাবিক কারণেই বাড়বে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার।ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা ভালো নয়। এতে খরচ বেশি পড়ে এবং সময়মতো প্রকল্পেরও বাস্তবায়ন হয় না। দরকার বড় ধরনের স্থায়ী বিদ্যুৎকেন্দ্র। তাই কয়লা উত্তোলনের বিকল্প নেই। কয়লা উত্তোলন করতে না পারলে উচ্চ প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা ছাপার অক্ষরেই থেকে যাবে।ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর সভাকক্ষে গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই অর্থ উপদেষ্টা আকবর আলি খান ও মির্জ্জা মো. আজিজুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। এ ছাড়া বৈঠকে আইসিএবির সাতজন সাবেক সভাপতি আখতার সোহেল কাশেম, হুমায়ুন কবীর, এ কে এম রফিকুল ইসলাম, আবদুল হাফিজ চৌধুরী, এ কে চৌধুরী, এম এ বারী, এ কে গোলাম কিবরিয়া এবং সদস্য আবদুল খালেক ও মসিহ মালিক চৌধুরী বক্তব্য দেন। আইসিএবির সভাপতি জামালউদ্দিন আহমেদ ছিলেন বৈঠকের সঞ্চালক।বৈঠকে জিডিপির প্রবৃদ্ধি, বাজেট বাস্তবায়ন, করের আওতা বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি, কয়লানীতি, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি), মূলধনি আয়ের ওপর কর, বিনিয়োগ ও কালো টাকা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।জিডিপির প্রবৃদ্ধি: প্রস্তাবিত বাজেটে তথ্য নিয়ে সরকার চালাকি ও নজিরবিহীন বেআইনি কাজ করেছে বলে মন্তব্য করেন আকবর আলি খান। তিনি বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য দিয়ে সরকার বিভিন্ন সমীক্ষা ও দলিলপত্র প্রস্তুত করে। চলতি অর্থবছরের জন্য বিবিএস জিডিপির প্রাক্কলন করেছে সাড়ে ৫ শতাংশ। অথচ মধ্যমেয়াদি বাজেট কাঠামোকে (এমটিবিএফ) তথ্যের উৎস উল্লেখ করে এ প্রবৃদ্ধি ৬ শতাংশ দেখানো হয়েছে।আকবর আলি খান বলেন, কাজটি নিতান্তই বেআইনি। অন্যবারের তুলনায় কম হলেও সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধিও কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে সম্মানজনক। তার পরও সরকার প্রবৃদ্ধি নিয়ে এ কাজ করেছে। এতে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন তিনি।তবে ফাহমিদা খাতুন ও আফতাব-উল-ইসলাম প্রস্তাবিত ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনযোগ্য বলে মনে করেন।বাজেট বাস্তবায়ন: মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজেট বাস্তবায়ন অবশ্যই বড় ধরনের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলাও করা সম্ভব। এ জন্য সবার আগে দরকার ব্যয়িত অর্থের যথাযথ তদারকের ব্যবস্থা।এ কে এম রফিকুল ইসলাম বলেন, তদারকি না থাকলে বাজেট যত সুন্দরই হোক না কেন, কোনো লাভ হবে না।দুর্নীতি দূর করা এবং ব্যবসায় খরচ কমানোয় বাজেটের প্রত্যক্ষ ভূমিকা নেই বলে মনে করেন মির্জ্জা আজিজ।গ্যাস ও বিদ্যুৎ: বাজেটের আগে গ্যাস ও বিদ্যুতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর কথা শোনা গেছে। প্রকৃতপক্ষে যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তা মোটেও উল্লেখযোগ্য কোনো পরিমাণ নয়। সংযোগ ও সঞ্চালনের খরচ বাদ দিলে ২০১৫ সাল নাগাদ উৎপাদন খরচই পড়বে নয় বিলিয়ন ডলার বা ৬৫ হাজার কোটি টাকা। আকবর আলি খান এ প্রসঙ্গে আরও বলেন, বিদ্যুৎ নিয়ে অনেক তামাশা হচ্ছে। বাজেটে প্রথমবারের মতো প্রণীত ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথ-নকশায় ২০১৫ সাল নাগাদ ১১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে। আবার বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, একই সময়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো নয় হাজার ৪২৬ মেগাওয়াট। এ থেকেই বোঝা যায়, সরকারের পরিকল্পনার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পাকিস্তানের খারাপ অভিজ্ঞতার কথা মাথায় রাখতে সরকারকে পরামর্শ দেন তিনি।করের আওতা: এ কে এম রফিকুল ইসলাম বলেন, করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) রয়েছে ২২ লাখ, আর করের আওতায় সাত লাখ। এ সংখ্যা বাড়ানো সহজ। দেশের অনেক খাত এখনো করজালের বাইরে। নির্দিষ্ট আয় রয়েছে এবং কাগজে-কলমে ধরা যায়, এমন লোকদের কাছ থেকেই কর আদায় করে সরকার।হুমায়ুন কবীর বলেন, নতুন পাঁচ লাখ করদাতা বাড়াবে সরকার। এটা কি ২২ লাখ টিআইএনধারী থেকে করদাতা পাঁচ লাখ, নাকি একেবারেই নতুন। ২২ লাখের মধ্যেই অনেক সম্ভাব্য করদাতা লুকিয়ে রয়েছেন বলে তিনি মনে করেন।আকবর সোহেল কাশেম বলেন, যাঁরা কর দেন, তাঁদের ওপরই আরও করের বোঝা চাপানোর প্রয়াস সরকারের। দেশের গ্রামে সম্পন্ন মানুষদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে থোক বরাদ্দ নেওয়ার প্রস্তাব করেন তিনি।গোলাম কিবরিয়া বলেন, বাধ্য না করলে কেউ কর দিতে চায় না। করের আওতা বাড়াতে হলে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এমন এক পরিবেশ তৈরি করতে হবে, যাতে নিজেরাই কর দিতে উৎসাহী হয়। পৈতৃক সূত্রে পাওয়া ফ্ল্যাট কেনাবেচাকে কর আদায়ের একটি খাত চিহ্নিত করতে পরামর্শ দেন মসিহ মালিক চৌধুরী।কয়লানীতি: আকবর আলি খান বলেন, সরকারের দেড় বছরেও কয়লানীতি নিয়ে কিছুই করা হয়নি। হাফিজ এ চৌধুরী বলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের সব দেশেই কয়লা উত্তোলিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা উত্তোলনের বিকল্প নেই এবং একটু বেশি পয়সা দিলে জনগণকে খনি এলাকা থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।এ কে চৌধুরী বলেন, ২০০ মিলিয়ন টন কয়লা পড়ে রয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে এর ৮০ শতাংশ উত্তোলন করা সম্ভব। তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও কয়লানীতি নিয়ে সাহসী ভূমিকা নিতে পারছে না সরকার।পিপিপি: হাফিজ এ চৌধুরী বলেন, দেশে মানুষের হাতে অনেক টাকা আছে। টাকা যে আছে বোঝা যায়, যখন শেয়ারবাজারে কোনো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়া হয়। পিপিপি ছাড়া অবকাঠামো উন্নয়ন সম্ভব নয়। পিপিপির নীতিমালা চূড়ান্ত করে শিগগির জনগণকে জানানো উচিত বলে মনে করেন তিনি।আফতাব-উল-ইসলাম বলেন, আইনি কাঠামোর আওতায় সুরক্ষা না দিলে বেসরকারি খাত পিপিপি প্রকল্প উন্নয়নে এগিয়ে আসবে না। বিদেশিরাও চায় একটা আস্থার জায়গা। পিপিপির চূড়ান্ত নীতিমালায় তা যেন থাকে।বিনিয়োগ ও কালো টাকা: হাফিজ এ চৌধুরী বলেন, কালো টাকাকে বন্ডে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু অর্থের উৎসের কথা উল্লেখ করতে বলা হয়নি। নিয়মিত করদাতা ২৫ শতাংশ আর কালো টাকার মালিক দেবেন ১০ শতাংশ, এটা হতে পারে না। এ বিষয়ে ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশ অবকাঠামো বিনিয়োগ তহবিলে (বিআইএফএফ) ১০ শতাংশ সুদে বিনিয়োগ করার সুযোগ রাখা হয়েছে। বোঝাই যায়, এটি কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া, বাজেট বক্তব্যে যদিও বিষয়টি স্পষ্ট নয়। তিনি বলেন, ২ শতাংশ বিনিয়োগ বাড়াতে দুই দশক লেগে গেছে। আগামী তিন বছরে ২ শতাংশ কীভাবে বাড়ানো সম্ভব, বোঝা দায়।মূলধনি আয়ের কর: উদ্যোক্তা ও ব্যক্তিপর্যায়ের সাধারণ শেয়ারহোল্ডার—মূলধনি আয়ের ওপর করারোপের ক্ষেত্রে উভয়ের জন্য একই নিয়ম থাকা উচিত বলে মনে করেন হাফিজ এ চৌধুরী। আর মূলধনি আয় বলতে যা বলা হচ্ছে, তা মূলধনি আয় নয় বলে মনে করেন এম এ বারী। তাঁর মতে, এটি লেনদেনজনিত আয় (ট্রেডিং ইনকাম)। প্রিমিয়ামের ওপর ৩ শতাংশ করও ধারণাগতভাবেই ঠিক নয়।এ কে রফিকুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর বাড়ানো হয়েছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, রিটার্ন দাখিলের সময় সমন্বয় করা হবে। সরকারের ঘরে একবার টাকা গেলে তা ফিরিয়ে আনা যে কতটা কষ্টকর, ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। তাই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।