বিদ্যুতের উন্নতি হলেও চড়া মূল্য দিতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও এর জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। তিনি বলেন, এটা ঠিক, জরুরি ব্যবস্থা হিসেবে বেশি খরচের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করার তেমন বিকল্প ছিল না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনায় আরও দ্রুততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া গেলে অর্থনীতির ওপর হয়তো এতখানি চাপ তৈরি হতো না।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার রাতে ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রথম আলোকে এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিশ্ব অর্থনীতির অস্থিরতা সহজে কাটবে বলে মনে হচ্ছে না। বিশ্ব অর্থনীতির এ প্রেক্ষাপটে আমাদের যে প্রস্তুতির প্রয়োজন, তা দেখা যাচ্ছে না। নানা প্রতিকূলতার মধ্যে জাতীয় আয়ে প্রবৃদ্ধি ৬-৭ শতাংশে ধরে রাখা গেছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু স্বল্প মেয়াদে বিনিয়োগ তেমন না বাড়িয়েও প্রবৃদ্ধি ধরে রাখা গেছে মূলত কৃষি উৎপাদন, তৈরি পোশাক রপ্তানি ও স্বল্প পুঁজির উৎপাদন ও সেবা খাত থেকে। কিন্তু উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে গেলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই।’ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামো খাতের সমস্যার কারণে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষার জন্য বিনিয়োগ বাড়ার সুযোগ কিছুটা সীমিত। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ঋণপ্রবাহ সীমিত রাখার পদক্ষেপ নিতে শুরু করেছে। মূলত আমাদের জোগানের তুলনায় বাড়তি চাহিদাই অর্থনীতির স্থিতিশীলতার প্রতি ঝুঁকি তৈরি করেছে। বৈদেশিক সাহায্যের অবমুক্তি কমেছে। ব্যক্তি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের স্থিতিরও উন্নতি হয়নি। রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ভালো হলেও বছরের শেষে এসে কমেছে। আর রপ্তানির তুলনায় আমদানি দ্রুত বাড়ছে।’ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, সামগ্রিক বিচারে প্রতিকূল বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে অনেক উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি বেশি সহনশীলতার পরিচয় দিয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি যে ঝুঁকিগুলো তৈরি হয়েছে, তা অর্থনৈতিক স্থবিরতার কারণে নয়, বরং প্রবৃদ্ধি বজায় রাখার তাগিদেই। অর্থনীতির বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা ও মূল্যস্ফীতি রোধে যে ধরনের প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, নীতিমালার সমন্বয়ের অভাবে সে ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। অনেক ক্ষেত্রেই খণ্ডিতভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ঝুঁকি এড়ানো যায়নি। শেয়ারবাজারের ধস এর সবচেয়ে বড় উদাহরণ। শেয়ারবাজারের সমস্যা ছাড়াও পুরো আর্থিক খাতের শৃঙ্খলা ও নিয়মনীতির ক্ষেত্রে কিছু কিছু শিথিলতা ও ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতির সঙ্গে বাজেট ব্যবস্থাপনার সমন্বয়হীনতাও লক্ষ করা গেছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নজরদারি যথেষ্ট কার্যকর হয়নি। এর পেছনে বড় কারণ ছিল অনভিপ্রেত রাজনৈতিক প্রভাব ও রাজনৈতিক অঙ্গীকারের অভাব। অথচ এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অঙ্গীকার খুবই জরুরি।সবশেষে ওয়াহিদউদ্দিন মাহমুদ পরামর্শ দিয়ে বলেন, সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বড় প্রকল্পের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া হয়েছে। সে তুলনায় সম্পদের সাশ্রয় ও ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও গুণগতমান নিশ্চিত করার উদ্যোগ দেখা যায়নি। অর্থনীতির বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিছু কিছু উচ্চাভিলাষী রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন যে স্বল্প সময়ে সম্ভব, তা স্বীকার করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রাধিকার নির্ধারণ করা জরুরি।