বিদ্যুতের কথা বললে প্রধানমন্ত্রী নাখোশ হন
মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বিদ্যুৎ নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাখোশ হন। সুরঞ্জিত বাবু (দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত) দাঁড়িয়ে যান। ব্যক্তিগত আক্রমণ করেন তাঁর হারানো রাজত্ব ফিরে পাবার বাসনায়। তবুও বলব বিদ্যুতের জরুরি উৎপাদন প্রয়োজন ছিল, কিন্তু সামগ্রিক অর্থনীতিকে জিম্মি করে নয়।’আজ সোমবার সংসদের বাজেট আলোচনায় মেনন এ কথা বলেন। তিনি বলেন, ‘কুইক রেন্টাল পাওয়ার যে ভুল, তা অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। সেই ভুল থেকে বেরিয়ে আসা উচিত। তা না হলে রেন্টাল পাওয়ার মেন্টাল বিকার ঘটিয়ে ভোটে প্রতিফলন ঘটাবে।’শেয়ারবাজারের ব্যাপারে অর্থমন্ত্রীকে দায়ী করে মেনন বলেন, ‘অর্থমন্ত্রী এবার সরাসরি “দুষ্ট বাজার”-এর “নষ্টদের” পক্ষে দাঁড়িয়েছেন।’ পোশাকশ্রমিকদের ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবি জানিয়ে মেনন বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের ধমকিয়েছেন। বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে আমেরিকার এএফএল-সিআইও অপপ্রচার চালাচ্ছে। হাজার হাজার ডলার দিয়ে এ দেশে তারা তাদের সংগঠন রেখেছে। সরকারের মাধ্যমেই এই ডলার আসে। অথচ আপনারা ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে কথা বলেন। মজিনা যখন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন নেতা হয়ে যান তখন কোনো কথা বলেন না।’সুষ্ঠু নির্বাচন করতে হলে এখনই অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করতে হবে বলে মেনন মন্তব্য করেন। তিনি বলেন, এ জন্য সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করতে গেলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।মেনন বলেন, ‘সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে বলা আছে, সংসদের সময়সীমা শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচন হবে। সংসদের বয়স পাঁচ বছর। তাহলে এই তিন মাস সংসদের কী হবে? অন্তর্বর্তীকালীন সরকার ক্যান বি লেম ডাক (খোঁড়া হাঁস), সংসদ লেম ডাক হতে পারে না। এটা বলবেন যে ওই সময় সংসদ অধিবেশন বসবে না। তাহলে সংসদ সদস্যদের বিশেষ অধিকারের কী হবে? নির্বাচন কমিশন আইন দিয়ে এই অধিকার খর্ব করতে পারবে না। সে ক্ষেত্রে বর্তমান সাংসদ ও যারা সংসদ সদস্য হতে চান তাদের “লেবেল প্লেইং ফিল্ড” কোথায় রইল? খুব স্বাভাবিকভাবে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন উত্থাপিত হবে।’