বিদ্যুতের চাহিদা পূরণে কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ
দেশব্যাপী বিদ্যুতের চাহিদা পূরণে একটি মহাপরিকল্পনার আওতায় কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। সভায় জানানো হয়, বিদ্যুত্ যায়নি দেশের এমন গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুত্সুবিধা পৌঁছে দিতে একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে ৪৫৩টি উপজেলায় বিদ্যুত্সুবিধা আরও সম্প্রসারণের কাজ চলছে। সভায় বিদ্যুৎ বিভাগের অধীন পল্লী বিদ্যুৎ বোর্ডের সার্বিক কার্যক্রম এবং গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় আরও জানানো হয়, বর্তমান সরকারের সাতটি প্রকল্পের আওতায় ২০১৫ সালের মধ্যে পল্লি বিদ্যুতায়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত ৬৫ হাজার ৯৩০ কিলোমিটার নতুন লাইন নির্মাণ ও নবায়ন এবং ৩১৪টি সাব-স্টেশনের মাধ্যমে ২৫ লাখ ২৮ হাজার নতুন গ্রাহককে বিদ্যুত্সুবিধা দেওয়া হবে। কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ও এনামুল হক, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।