বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল দুজনের
জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির প্রাণ গেল। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার ইংলিশ রোডসংলগ্ন মালিটোলা লেন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বঙ্গবাজার হকার্স মার্কেটের ব্যবসায়ী আওলাদ হোসেন (৩০) ও মালিটোলা লেনের জুতার আঠা তৈরির কারখানার সাগর তালুকদার (২৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে ইংলিশ রোড ও মালিটোলা লেনে হাঁটুপানি জমে। মালিটোলা লেনের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি তার ছিঁড়ে স্থানীয় রানা স্টিল নামের একটি দোকান ঘেঁষে পানিতে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে মালিটোলা লেন দিয়ে হেঁটে যাওয়ার সময় আওলাদ হোসেন ও সাগর বিদ্যুতায়িত হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান। তিনি দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধের ব্যবস্থা করেন। পরে সংজ্ঞাহীন অবস্থায় দুজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মালিটোলা লেনের বাসিন্দা আওলাদের বঙ্গবাজার হকার্স মাকেটে জিম অ্যান্ড জান্নাত ফ্যাশন নামের একটি দোকান আছে। সকালে তিনি বাসা থেকে বঙ্গবাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। সাগর মালিটোলা লেনের রাব্বি ম্যাটারিয়াল নামের দোকানের কর্মী। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, রাস্তা থেকে পানি সরে যাওয়ার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন, বিদ্যুতের প্রধান লাইনের সঙ্গে লেগে থাকা একটি তার জলাবদ্ধ রাস্তায় পড়ে। তাঁদের দাবি, তারটিতে ছিদ্র থাকায় পানিও বিদ্যুতায়িত হয়ে যায়।