নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মৌজাসংলগ্ন পঞ্চগড় জেলার দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের একটি গ্রামের নাম চর তিস্তাপাড়া। গ্রামটি পঞ্চগড় জেলার অধীনে হলেও নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির সঙ্গেই এর যোগাযোগ বেশি। এ গ্রামে বিদ্যুত্ ও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে কৃষকদের ফসল উত্পাদন খরচ যেমন বেশি হয়, তেমনি উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া অন্যান্য ভোগান্তি তো আছেই। অথচ চিলাহাটি হয়ে যে বিদ্যুত্ লাইন গেছে, সেখান থেকে মাত্র দুটি পিলার হলেই গ্রামটিতে বিদ্যুত্ দেওয়া সম্ভব। গ্রামের আমীর হোসেন বলেন, ‘আমাদের গ্রামের জমিগুলো উঁচু হওয়ায় এখানে ইরি-বোরো চাষ করতে খুব বেশি পানির দরকার হয়। শ্যালো দিয়ে সেচ দিলে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা শুধু সেচের পেছনেই খরচ হয়। তাই কৃষকেরা আমন আবাদ ও রবি মৌসুমে এসব ফসল চাষ না করে আদা, হলুদ ও তরিতরকারির চাষ করেন।’গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বৃষ্টির ওপর নির্ভর করতে হয়। অথচ মাত্র দু-তিনটি পিলার হলেই গ্রামে বিদ্যুত্ আসে। ধরার মতো লোক না থাকায় তা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘গ্রামে প্রায় এক হাজার পরিবার বাস করে। অথচ এখানে বিদ্যুত্ নাই, রাস্তাঘাট নাই। এদিকে আমাদের গ্রামের মধ্য দিয়ে নীলফামারীর চিলাহাটি থেকে পঞ্চগড়ের ভাউলাগঞ্জ পর্যন্ত একটি পাকা রাস্তা হয়েছে। কিন্তু প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তাটির দুটি ব্রিজ ভাঙা থাকায় যানবাহন চলে না।’গ্রামের জমসেদ আলী বলেন, ‘শ্যালো দিয়া ধান আবাদ কইরলে হের পিছনতে তিন-চার হাজার টাকা খরচ হয়। তাতে কুনো লাভ হয় না। কিন্তু খাবার তো লাইগবে। আমাদের বিক্রি করার চিন্তা নাই। কিন্তুক যাই করি পানি তো লাইগবে। চেয়ারম্যান সাহেব অনেকদিন থাকি কয় কারেন্ট হইবে, কিন্তু হয় না।’গ্রামের দশম শ্রেণীর ছাত্রী জেলেখা বেগম বলে, ‘আমাদের গ্রামে রাস্তা নাই, ব্রিজ নাই, বিদ্যুত্ নাই। তিন-চার কিলোমিটার রাস্তা হেঁটে স্কুল-কলেজে যেতে হয়। কুপিবাতি দিয়ে পড়তে হয়। গ্রামের চারদিকে বিদ্যুত্ আছে, আর আমরা থাকি অন্ধকারে।’ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম বলেন, ‘আমরা বিদ্যুতের ব্যাপারে স্থানীয় সাংসদ নুরুল ইসলামের কাছে দাবি জানিয়েছি। তিনি চেষ্টা করছেন।’ চিলাহাটি ইউপির চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান বলেন, ‘গ্রামটিতে ভাউলাগঞ্জ থেকে বিদ্যুত্ নিলে প্রায় দুই কিলোমিটার এবং চিলাহাটির শেষ প্রান্ত থেকে নিলে মাত্র দুটি পিলার দিয়েই বিদ্যুত্ আনা সম্ভব। আমি পল্লী বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, এ বছর বরাদ্দ নেই। আমি এমপি সাহেবের সঙ্গেও যোগাযোগ করেছি। তিনিও চেষ্টা করছেন।’