বিদ্যুতের জন্য গণবিস্ফোরণ হতে পারে: বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ আজ মহাসংকটে পড়েছে। এই সংকট মোকাবিলার জন্য জাতীয় সরকার গঠন করা উচিত।আজ শুক্রবার বিকেলে দলের বারিধারার সভাপতিমণ্ডলীর কার্যালয়ে ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় বি. চৌধুরী এ কথা বলেন।বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে বি. চৌধুরী বলেন, বর্তমান সরকার সন্ত্রাস দমন, গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে তিনি আসামের একটি দৈনিকের খবর উদ্ধৃত করে বলেন, বিদ্যুতের জন্য বাংলাদেশে গণবিস্ফোরণ হতে পারে। বিদ্যুতের অভাবে শিল্প ও কৃষি উৎপাদন কমে যাচ্ছে।আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে দাবি করে বি. চৌধুরী বলেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় সংকট মোকাবিলার জন্য জাতীয় সরকার গঠন করা উচিত বলে মনে করেন তিনি।অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য আবু মোজাফফর আহমেদ, আবদুল আজিজ আকন্দ, ওবায়দুর রহমান মৃধা, মাহফুজুর রহমান, শেখ শহিদুজ্জামান নাজমুল করিম বাচ্চু, আসাদুজ্জামান বাচ্চু, আয়নুল হক, রফিকুল ইসলাম, নওয়াব বাহাদুর প্রমুখ।