বিদ্যুতের জন্য গ্যাস বৃদ্ধির উদ্যোগ পুরো কার্যকর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি সার কারখানা বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোর সরকারি উদ্যোগ পুরোপুরি কার্যকর হয়নি। গতকাল পর্যন্ত দুটি কারখানা—কাফকো ও চিটাগাং ইউরিয়া সার কারখানা বন্ধ করা হয়েছে। পলাশ, ঘোড়াশাল ও যমুনা সার কারখানায় গতকালও সীমিত পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়েছে। আজ রোববার রাত নাগাদ এগুলো বন্ধ হতে পারে বলে জানা গেছে।মন্ত্রণালয় ও পেট্রোবাংলা সূত্র জানায়, গতকাল বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৮৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এটা আরও বাড়িয়ে ৯০ কোটি ঘনফুট করার লক্ষ্য নির্ধারিত আছে। তাহলে বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত হতে পারে। তবে তখনো এক হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি থাকবে।মিরপুর ৬ নম্বর বাজারের ওষুধ ব্যবসায়ী নজরুল ইসলাম খুবই বিরক্ত। গতকাল শনিবার বিকেলে ওই বাজারে দিনে তৃতীয়বারের মতো লোডশেডিং শুরু হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একের পর এক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করছেন, কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ব্যাপারটা কী।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট ও গত মাসে সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট ক্ষমতার যে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন, সেগুলোতে উৎপাদন শুরু হয়েছে আগে থেকেই। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে থেকেই জাতীয় গ্রিডে এসব কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছিল। প্রধানমন্ত্রীর উদ্বোধন ছিল আনুষ্ঠানিকতামাত্র। তাই নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হচ্ছে দেখা গেলেও বিদ্যুতের উৎপাদন তেমন বাড়ছে না।পিডিবির দাবি: গত কয়েক সপ্তাহের তুলনায় বিদ্যুতের উৎপাদন কিছুটা বেড়েছে বলে দাবি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবি সূত্র জানায়, গ্যাস সরবরাহ বৃদ্ধির ফলে গত শুক্রবার চার হাজার ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গতকাল শনিবার সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ২০ মেগাওয়াট। তবে গত শুক্র কিংবা গতকাল শনিবার লোডশেডিং কমেছে বলে কোনো খবর পাওয়া যায়নি।উত্তরায় বসবাসকারী বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা গতকাল সন্ধ্যায় বলেন, ‘এখন তৃতীয়বারের মতো আমার বাসায় লোডশেডিং চলছে। উৎপাদন চার হাজার মেগাওয়াট হলে এত বিদ্যুৎ যাচ্ছে কোথায়?’গতকাল সন্ধ্যা সাতটায় ঢাকা অঞ্চলে (ডিপিডিসি, ডেসকো ও পল্লী বিদ্যুতের কিছু এলাকা) বিদ্যুৎ সরবরাহ করা হয় এক হাজার ৩০০ মেগাওয়াট। এখানকার চাহিদা আরও প্রায় ৫০০ মেগাওয়াট বেশি। সরকারি সূত্র জানায়, মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট (২২৫ মেগাওয়াট) বন্ধ থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। দু-এক দিনের মধ্যে বিদ্যুতের উৎপাদন আরও কিছু বাড়বে বলে সূত্রটি দাবি করেছে।