বিদ্যুতের জন্যই যত কষ্ট তাঁদের
‘আমারির গাঁয়েত কারেন্ট আসপে, অনেক দিন থ্যাইকা শুনিত্তি, কিন্তুক আর আসিত্তে না। আর কত দিন যে দেরি করা লাগবে জানি না। ভুটের সময় আসলে কারেন্ট পাওয়ার কতা বেশি শুনি, পাওয়া আর যায় না।’ কথাগুলো ক্ষোভের সঙ্গে বললেন, রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি গ্রামের কৃষক আফসার আলী। বিদু্যুত্ না পাওয়ায় শুধু কৃষক আফসার আলী নন, ক্ষুব্ধ চেউখালী ও বাজেগোয়ালকান্দি গ্রামের ১০ সহস্রাধিক লোক। বিদ্যুৎ না পাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। উপজেলার গোয়ালকান্দি ইউপির বাজেগোয়ালকান্দি ও চেউখালী গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। বিদ্যুতের অভাবে বিভিন্ন কাজে অতিরিক্ত খরচ গুনতে হয় তাঁদের। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোলট্রি ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ইউপির বাজেগোয়ালকান্দি ও চেউখালী গ্রামের চারটি পোলট্রি খামার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আরও ছয়টি খামারের কাজ চলছে হারিকেন জ্বালিয়ে। চেউখালীর পোলট্রি ব্যবসায়ী বেলাল ও সালাম জানান, খামারে আলোর প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকায় তাঁরা হারিকেন দিয়ে আলোর কাজ সারেন। শীতে হারিকেনে তেমন কাজ হয় না। বাজেগোয়ালকান্দি গ্রামের শামসুল হক বলেন, বিদ্যুতের অভাবে তিনি তাঁর খামার টিকাতে পারেননি। হারিকেন দিয়ে কাজ করতে সমস্যা হয়। এ কারণে খামার বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন।সাজেদুর রহমান জানান, তাঁদের গ্রামের ভেতরে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। রাতের বেলায় হারিকেন দিয়ে আলোর কাজ সারলেও গরমের সময় সমস্যায় পড়তে হয় তাঁদের। তিনি জানান, তাঁদের গ্রামে চারটি গভীর নলকূপ রয়েছে, যেগুলো ডিজেলে চলে। বিদ্যুৎ থাকলে তাঁদের খরচ কম হতো। চেউখালী গ্রামের বাসিন্দা আব্বাস আলী জানান, বিদ্যুৎ না থাকায় তাঁরা টেলিভিশন দেখতে পারেন না। সন্ধ্যার পর গ্রামে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। একই গ্রামের ভ্যানচালক মালেক বলেন, ‘ভুটের সময় সবাই আইস্যা বুলে গ্রামেত কারেন্ট দিব, এখন আর তারির দেকা নাই।’ গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, গ্রাম দুটিতে বিদ্যুৎ না থাকায় এখানকার বাসিন্দারা পিছিয়ে পড়ছে বিভিন্ন দিক থেকে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারার উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, আপাতত ওই দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সুযোগ নেই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার জানান, গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন। নতুন বরাদ্দ এলে সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।