‘এই যে আমার মাতৃভূমি। এই যে আমার দেশ। এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ।’ এই গানের রচয়িতা গায়ক বিদ্যুৎ মণ্ডল (৩৮)। এ ছাড়া অসংখ্য গান রচনা ও সুর দিয়েছেন তিনি। সুরের সাধনায় আত্মনিয়োগকারী নিভৃতচারী মানুষটির প্রতিভা বিকাশের ক্ষেত্র ভিন্ন। তিনি বেছে নিয়েছেন অবহেলিত জনপদকে। তাঁর কাজ গ্রামে গ্রামে ঘুরে অধিকারবঞ্চিত পিছিয়ে থাকা শিশুদের সংগীত, নৃত্য, সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের অগ্রসর করা। যশোরের কেশবপুর উপজেলার শেষ প্রান্তের অবহেলিত শানতলা গ্রামটিই তাঁর কর্মক্ষেত্র। ওই গ্রাম ছাড়াও এখন বিদ্যুতের জ্যোতি অবহেলিত জনপদের ঘরে ঘরে।বিদ্যুতের গান বাজনার প্রতি ছোটবেলা থেকেই প্রচণ্ড ঝোঁক ছিল। সে কারণে গ্রামের সংগীত শিক্ষক বিরাট চন্দ্র রায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। যেখানেই থেকেছেন সংগীতের শিক্ষা নিয়েছেন। তিনি ভারতের বিরাটিতে মাস্টার অভিজিতের কাছে নৃৃত্যে প্রশিক্ষণ নেন। এরপর খুলনার ওস্তাদ নাসির হায়দারের কাছে সংগীত শেখেন। খুলনার শিক্ষাবিদ নাট্যব্যক্তিত্ব অচিন্ত ভৌমিকের কাছ থেকে নাটকের ওপর প্রশিক্ষণ নেন। বিদ্যুৎ জানান, প্রশিক্ষণ শেষে খুলনার একটি মিলে সংগীতের শিক্ষক হিসেবে চাকরি নেন। কিন্তু সংগীত শিক্ষক নাসিরের একটি কথা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নসির প্রায়ই তাঁকে বলতেন, শহরের শিশুদের অনেক সুযোগ। গ্রামের শিশুরা এদিক দিয়ে অনেক পিছিয়ে, পারলে এদের জন্য কিছু কোরো। শিক্ষকের এ উপদেশকে মাথায় নিয়ে তিনি গ্রামে চলে আসেন। এরপর থেকে তাঁর শুরু হয় নতুন জীবন। তিনি প্রথমে নিজ গ্রামের শিশুদের গান শেখানোর চেষ্টা করেন। কিন্তু শুরুতেই হোঁচট খান। তাদের অভিভাবকেরা বলেন, এমনিতেই জলাবদ্ধতায় ফসল না হওয়ায় তাঁদের অভাব নিত্যসঙ্গী। শিশুদের লেখাপড়া করানোই তাঁদের জন্য কঠিন হয়ে পড়ছে, তার ওপর গান-বাজনা শেখানো সম্ভব নয়। এর পরও তিনি থেমে থাকেননি। অভিভাবকদের বুঝিয়ে শিশুদের তাঁর বাড়িতে নিয়ে এসে সংগীত ও নৃত্যের প্রশিক্ষণ দিতে থাকেন। প্রশিক্ষণ নিয়ে যখন শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় দিবসে তাদের গান উপস্থাপন করতে থাকে, তখন অন্য অভিভাবকেরাও আস্তে আস্তে তাঁদের শিশুদেরও বিদ্যুতের কাছে পাঠাতে থাকেন।আস্তে আস্তে বিদ্যুতের শিক্ষায়তনের ব্যাপ্তি বাড়তে থাকে। এখন বিদ্যুতের কর্মকাণ্ড নিজ গ্রাম পেরিয়ে পার্শ্ববর্তী গ্রাম ময়নাপুর, কপালিয়া, মান্দ্রা, চেচুড়িয়া, কালীচরণপুর, কাটেঙ্গায় বিস্তৃত হয়েছে। তিনি গত ১০ বছর ধরে তাঁর বাড়িতে সংগীত, নাটক নৃত্যের পাশাপাশি উচ্চারণ শিক্ষা দেন। তাঁর সংগীত ক্লাসের নাম দিয়েছেন নব দিগন্ত সংগীত একাডেমি। এ একাডেমির শিক্ষার্থীর সংখ্যা এখন ৭০-৮০ জনে। তবে এখানে যাঁরা প্রশিক্ষণ নেন, তাঁদের কাছ থেকে তিনি তেমন কিছু নেন না। যদি কেউ কিছু খুশি হয়ে দেন, তা তিনি নেন। সম্প্রতি সংগীত প্রশিক্ষণ ক্লাসে গিয়ে দেখা যায়, প্রশিক্ষণার্থীরা বিদ্যুৎকে ঘিরে গানের গলা মেলাচ্ছেন। এ সময় গান শিখতে আসা ভবদহ গ্রামের আশীষ নন্দী জানান, দূর গ্রাম থেকে স্যারের কাছে গান শিখতে আসি। তিনি বাড়ির সদস্যের মতো শিক্ষা দেন। ভবদহ কলেজের ছাত্র প্রদীপ ধর জনান, স্যারকে আমরা তেমন কিছু দিতে পারি না, তার পরও তিনি খুশি মনে আমাদের গান শেখান। কপালিয়া গ্রামের মুন্নি খাতুন, মান্দ্রা গ্রামের মৃত্তিকা বিশ্বাস জানায়, লেখাপড়ার পাশাপাশি সংগীত, নৃত্য শিখে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করায় সবাই প্রশংসা করছেন। আমাদের দেখাদেখি আরও অনেকে এদিকে ঝুঁকছেন। নাট্যকর্মী মশিয়ার রহমান জানান, বিদ্যুৎ দার লেখা এবং তাঁর পরিচালনায় এ পর্যন্ত পাঁচটি নাটক করেছি। যৌতুক, অন্যায়ের প্রতিবাদ, জ্ঞান সংগীত নাটক দর্শকের মন কাড়তে সক্ষম হয়েছে। তাঁদের নাটকের ১২ জনের একটি দল আছে।সানতলা গ্রামের শিক্ষক গনেশ চন্দ্র বিশ্বাস বলেন, তাঁর ছেলে পার্থ বিদ্যুতের কাছে গান শেখে। তিনি জানান, তিনি গান-বাজনার পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খোঁজ নেন। নীরা নামে অন্য এক অভিভাবক বলেন, সংস্কৃতি চর্চার সঙ্গে তিনি ক্লাসে লেখাপড়া, চরিত্র গঠন আদব-কায়দা শেখান। ফলে তাঁকে আমরা শুধু একজন সংগীত শিক্ষক হিসেবে চিনি না, পরিবারের অভিবাবক হিসেবে মনে করি। নব দিগন্ত সংগীত একাডেমির কুহেলী, লাবণী, ইরা খুলনা বেতারের কিশোরী মেলায় অনুষ্ঠানে গান গায় বলে জানান বিদ্যুৎ। তিনি নিজেও খুলনা বেতারের নিয়মিত আধুনিক গানের শিল্পী। বিদ্যুৎ মণ্ডলের স্ত্রী কনিকা বলেন, ‘সংস্কৃতি চর্চায় সংসারে তেমন কোন অর্থ আসে না তার পরও এ কাজে তিনি তাঁর স্বামীকে উৎসাহিত করেন। এলাকার শিশুরা শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি রায় বলেন, ‘বিদ্যুৎ আছে বলেই আমাদের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কৃতি চর্চার দিক দিয়ে পিছিয়ে পড়ছে না। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানসহ জাতীয় দিবসের অনুষ্ঠানে বিদ্যুতের পরিচালনায় সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে থাকে। এ জন্য তাঁকে আমরা কোনো সহয়তা দিতে পারি না। এ ক্ষেত্রে তিনি প্রশংসার দাবিদার।’সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সমাদ বলেন, এলাকার সমস্যা সমাধানে তিনি গান বাঁধেন, গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেন। শুধু তাই নয়, জনসচেতনতায়, বাল্যবিবাহ, যৌতুক ও স্যানিটেশনের মতো বিষয়ে গান, নাটক লিখে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনে তার জুড়ি নেই।’