বিদ্যুতের দাবিতে অষ্টগ্রামে পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ ও মিছিল হয়েছে। মিছিল থেকে বিক্ষোভকারীরা উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদ গ্রামের পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা পরিষদ ঘেরাও করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভে অষ্টগ্রাম উপজেলার কয়েক শ নারীসহ অন্তত দুই হাজার লোক অংশ নেয়।এলাকাবাসী জানায়, সদরের খেলার মাঠ থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাজারে যায়। পরে তারা পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে। এ সময় অফিসের কর্মকর্তারা বাইরে চলে যান। পরে বিক্ষোভকারীরা পুরো উপজেলা পরিষদ ঘেরাও করে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সেবাস্টিন রেমা এসে বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়।পরে উপজেলা মাঠে এক সভায় বিক্ষোভকারীরা বলেন, অষ্টগ্রামে এখন ২৪ ঘণ্টার মধ্যে গড়ে এক ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এ কারণে এলাকার অধিকাংশ মৎস্য, পোলট্রি ও ক্ষুদ্রশিল্প বন্ধ হয়ে গেছে। নাগরিক জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে গৃহবধূ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বিদ্যুতের দাবিতে বাইরে বের হয়ে এসেছে।