বিদ্যুতের দাবিতে জনতার হামলা, ডিসি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল শনিবার বিদ্যুতের দাবিতে ক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান। তাঁর মাথা ফেটে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুড়িগ্রাম জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন লোকমান হাকীম জানান, জেলা প্রশাসকের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। সিটি স্ক্যান করার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বিদ্যুতের দাবিতে ক্ষুব্ধ জনতা গতকাল সকাল সাতটার দিকে উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর কওমি মাদ্রাসার পাশে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে। এ সময় সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। ডিসি হাবিবুর রহমান চিলমারী উপজেলার একটি মাদ্রাসা ভবন উদ্বোধনের জন্য সকাল সাড়ে নয়টার দিকে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। জনতার অবরোধ দেখে তিনি গাড়ি থেকে নেমে এর কারণ জানতে চান। অবরোধকারীদের কয়েকজন জানান, দুর্গাপুর ও পান্ডুল এলাকায় সাতটি ট্রান্সফরমার চুরি হওয়ায় তিন দিন ধরে তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন না। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতের কার্যালয়ে ধরনা দিয়েও কোনো কাজ না হওয়ায় তাঁরা সড়ক অবরোধ করেন। ডিসি দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু অবরোধ না তুলে কেউ কেউ ডিসিকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে ডিসি তাঁর নিরাপত্তা প্রহরী আমিনুল ইসলামকে রবিউল নামের এক ব্যক্তিকে আটক করতে বলেন। আমিনুল ইসলাম রবিউলকে ধরতে গেলে উত্তেজিত জনতা ডিসির ওপর হামলা চালায়। তিনি মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে উলিপুর থানা ও কুড়িগ্রাম সদর থেকে পুলিশ গিয়ে ডিসিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে মাথায় সেলাই দেওয়ার পর ডিসিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল আলীম (২৫), আলাল (২৮), ফজলুল হক (২৮), বাচ্চু (৩০), লাল মিয়া (৩২), জাহাঙ্গীর (৪০) ও মো. রফিকুলকে (৩১) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পল্লী বিদ্যুতের উলিপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন ট্রান্সফরমার চুরি ও সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।