বিদ্যুতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে স্থানীয় লোকজন আজ বৃহস্পতিবার দুপুরে মিরসরাই উপজেলা সদরে প্রায় এক ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা স্থানীয় পল্লী বিদ্যুত্ কার্যালয় ঘেরাওসহ বিক্ষোভ-সমাবেশ করে। বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অবরোধ চলে।পরে মিরসরাই উপজেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একই দাবিতে এলাকায় মিছিল ও সমাবেশ করে।জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মিছিলকারীরা ১০-১৫ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করে রেখেছিল বলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে জানিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে মিরসরাই উপজেলায় বিদ্যুতের লোডশেডিং অসহনীয় মাত্রায় পৌঁছে। এক ঘণ্টার মধ্যে বিদ্যুতের আসা-যাওয়া করে অসংখ্যবার। ভুক্তভোগীরা এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুত্ কার্যালয়ে অভিযোগ করে। কিন্তু এতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এ কারণে এলাকাবাসী আজ দুপুরে রাস্তায় নেমে আসে। জানা যায়, বিভিন্ন পেশা-শ্রেণীর প্রায় ২৫০ থেকে ৩০০ লোক বেলা পৌনে ১২টার দিকে জড়ো হয়ে প্রথমে মিছিল করে। পরে তারা দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। এরপর তারা স্থানীয় পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও করতে গেলে সেখানে উপস্থিত পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি জনতার দাবি-দাওয়া তাঁর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান। এরপর মিছিলকারীরা শান্ত হয়ে ফিরে যায় বলে জানা গেছে।