বিদ্যুতের দাবিতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরে বিদ্যুতের দাবিতে আজ মঙ্গলবার ঢাকা-পঞ্চগড় মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে ওই এলাকার বিক্ষুব্ধ লোকজন।আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারা মহাসড়কের ধাক্কামারা এলাকায় অবরোধ এবং বিক্ষোভ করে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন ও যাত্রী আটকা পড়ে। পরে জেলা প্রশাসক বনমালী ভৌমিক ঘটনাস্থলে গিয়ে আজ রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, বিদ্যুতের একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় গত শনিবার থেকে শহরের ধাক্কামারা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকার সহস্রাধিক পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে দুর্ভোগে পড়তে হয়। গতকাল সোমবার পবিত্র শবে কদরের রাতেও বিদ্যুৎ না পেয়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে।পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, একটি ট্রান্সমিটার নষ্ট হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত নতুন ট্রান্সমিটার স্থাপনের চেষ্টা চলছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।