বিদ্যুতের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ
দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকায় আজ শুক্রবার বিদ্যুতের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষুব্ধ লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।এলাকাবাসী জানান, গত দুদিন ধরে আব্দুল্লাপুরের মালিভিটা, করেরগাও, সাস্তা, কদমপুর, বাঘাপুর, কলাকান্দিসহ কয়েকটি গ্রামে বিদ্যুত্ নেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসী আজ সকাল নয়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে। তাঁরা টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। পরে ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ হাসনাবাদ জোনাল অফিসের ডিজিএম আমানুল্লাহ পাটোয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া ঘটনাস্থলে গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। বেলা ১১টার দিক থেকে আবার যান চলাচল শুরু হয়। ডিজিএম আমান উল্লাহ পাটোয়ারী সাংবাদিকদের জানান, কেরানীগঞ্জে বিদ্যুতের চাহিদা রয়েছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩২ মেগাওয়াট। এজন্য লোডশেডিং হচ্ছে। তিনি আরও জানান, কালবৈশাখী ঝড়ের কারণে কয়েকটি এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গত দুদিন ধরে ওইসব এলাকায় বিদ্যুত্ নেই। তবে আজকের মধ্যে বিচ্ছিন্ন তারগুলো ঠিক করে বিদ্যুত্ সরবরাহ করা হবে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের দাবিতে লোকজন ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।