বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, ভাঙচুর, মিছিল-সমাবেশ ও সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ মানুষ। রাজশাহীতে বিক্ষোভকারীদের হামলা ঠেকাতে গিয়ে চার আনসার সদস্য আহত হন। বিক্ষোভকারীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে। বাঘা উপজেলায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের দুই উপপরিদর্শকসহ চারজন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভ হয়েছে নাটোর, কুমিল্লা, ময়মনসিংহ, ঝালকাঠিতেও।রাজশাহী: বিদ্যুতের দাবিতে গতকাল দুপুরে জেলার পবা উপজেলার নওহাটায় পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী অঞ্চলের সদর দপ্তরে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। আহত হন চার আনসার সদস্য। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী সমিতির রাজশাহীর সদর দপ্তরে হামলা, ভাঙচুর ও বিক্ষোভ করে। হামলাকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলে। বিক্ষুব্ধ জনতা রাস্তায় খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁর দপ্তরে ব্যাপক ভাঙচুর করেছে।পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, অতিরিক্ত পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুপুর দেড়টা থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।বাগমারা উপজেলায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চানপাড়া আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে গ্রাহকেরা প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালান। তাঁরা ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। প্রায় এক ঘণ্টা ধরে গ্রাহকেরা বিদ্যুৎ কার্যালয়ের দরজা, জানালা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন।জনতার ছোড়া ইটের আঘাতে মাহাবুবুর রহমান ও আশরাফুল ইসলাম নামের দুই উপপরিদর্শক (এসআই), বিদ্যুৎ বিভাগের কর্মী জেসমিন আরা ও রেজাউল করিম নামের এক স্কুলশিক্ষক আহত হন।পরে গ্রাহকেরা ভবানীগঞ্জে ফিরে উপজেলা ডাকঘর ও ভূমি কার্যালয়ে হামলা-ভাঙচুর করে। দুপুর ১২টার দিকে তাঁরা ভবানীগঞ্জের জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। র্যাব সদস্যরা গিয়ে তাঁদের সরিয়ে দেন।সন্ধ্যায় ভয়াবহ লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে বাঘার পৌর মেয়র মো. আক্কাস আলী পল্লী বিদ্যুৎ সমিতির বাঘা এরিয়া অফিসের দুই লাইন টেকনিশিয়ানকে পৌরসভার কার্যালয়ের বিদ্যুৎবিহীন একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে অঙ্গীকারনামা রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়।নাটোর: লালপুর ও বড়াইগ্রাম উপজেলার বিক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুতের দাবিতে গতকাল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভাঙচুর এবং মিছিল-সমাবেশ করেছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক বেলাল উদ্দিন জানান, বিদ্যুতের দাবিতে গ্রাহকেরা দুপুরে সমিতির লালপুর উপ-আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায়। লোডশেডিং বন্ধের দাবিতে জোনাইল বাজারে মিছিল-সমাবেশ শেষে স্থানীয় সাংসদের কাছে তারা স্মারকলিপি দেয়।ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসে সন্ধ্যায় তালা খুলে দেওয়া হয়। সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আলী হোসেন জানান, সমস্যার সমাধানে পিডিবির বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর সঙ্গে বৈঠক করছেন তিনি।এর আগে ২৭ জুলাই একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএমকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। জেলার বাঞ্ছারামপুর উপজেলায়ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভাঙচুর করেছে কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নাসিমুল ইসলাম বলেন, এখানে ১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়া যায় মাত্র দুই মেগাওয়াট। এত অল্প বিদ্যুৎ দিয়ে গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার এ কথা জানানো হয়েছে।কুমিল্লা: লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এবং বিজরা বাজারে কুমিল্লা-চাঁদপুর সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। একই দিন সকাল ১০টায় লালমাই-সোনাইমুড়ি সড়কে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া নামক স্থানে বিদ্যুতের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারের বিক্ষুব্ধ গ্রাহকেরাও লালমাই-সোনাইমুড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন।চাঁদপুর: অব্যাহত লোডশেডিং বন্ধের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।ময়মনসিংহ: তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা জেলা সদরসহ একাধিক স্থানে বিদ্যুৎ অফিস ঘেরাও, ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। জানা যায়, শহরের কৃষ্টপুর, বাগমারা, ভাটিকাশর, চরপাড়া ও কালিবাড়ি এলাকার কয়েক শ বিক্ষুব্ধ গ্রাহক শহরের জেসি গুহ রোডে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন। এ সময় বিদ্যুৎ বিভাগের লোকজন ভয়ে অফিস ছেড়ে চলে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া জেলার তারাকান্দা সদরে বিক্ষুব্ধ গ্রাহকেরা স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে হামলা করেন। জনতা ময়মনসিংহ-শেরপুর-হালুয়াঘাট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে।পিডিবির প্রধান প্রকৌশলী ওয়াহাব খান জানান, ময়মনসিংহ জেলার জন্য গতকাল জাতীয় গ্রিড থেকে মাত্র ২৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। অথচ জেলায় বিদ্যুতের মোট চাহিদা ১১০ মেগাওয়াট। এ অবস্থা চলছে এক সপ্তাহ ধরে।ঝালকাঠি: লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী পরপর দুই দিন ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ পল্লী বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর করেছে। পল্লী বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, প্রতাপ ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে রবি ও সোমবার রাতে পল্লী বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা একটি মোটরসাইকেল, অফিস কক্ষ, বিশ্রামাগার, টেবিল, চেয়ার ও আসবাব ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, ময়মনসিংহ অফিস; বাগমারা (রাজশাহী), নাটোর, কসবা (ব্রাহ্মণবাড়িয়া), বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), লাকসাম (কুমিল্লা), বরুড়া (কুমিল্লা), চাঁদপুর, ফুলপুর (ময়মনসিংহ) ও ঝালকাঠি প্রতিনিধি]